ডেনমার্ককে 'অবসরে' পাঠালেন ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইব্রাহিমোভিচের কল্যাণেই ইউরোর টিকিট পেল সুইডেন। ছবি: এএফপি।
ইব্রাহিমোভিচের কল্যাণেই ইউরোর টিকিট পেল সুইডেন। ছবি: এএফপি।

সুইডেনে প্রথম লেগটা শেষ হয়েছিল ২-১-এ। গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়ে গোল পাওয়া গেছে, ঘরের মাঠে প্লে-অফের দ্বিতীয় লেগে তাই ‘কিছু একটা ঘটিয়ে ফেলার’ কথা ভাবছিল ডেনমার্ক। ভাবছিল আরেকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের চূড়ান্ত আসরে খেলতে না পারার আক্ষেপ সঙ্গী করেই সুইডিশ তারকা ইব্রাহিমোভিচকে অবসরে পাঠানোর কথাও। কিন্তু হলো না। ২-২ গোলে ড্র হলো দ্বিতীয় লেগের ম্যাচটা। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে ২০১৬ সালের ইউরোর মূলপর্বে জায়গা করে নিল ইব্রার সুইডেনই।
একই দিনে ইউরোর মূলপর্ব নিশ্চিত করেছে ইউক্রেনও। দুই লেগে মিলিয়ে ৩-১ গোলে স্লোভেনিয়াকে হারিয়ে ফ্রান্সের টিকিট কেটেছেন ইয়ারমোলেঙ্কো-কোনোপ্লিয়াঙ্কারা।
গত রাতের ম্যাচের ফলের চেয়েও বোধ হয় বেশি আলোচিত হচ্ছে ইব্রাহিমোভিচের ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া। এমনিতে ‘মনে যা, মুখেও তা-ই’ ধরনের লোক ইব্রাহিমোভিচ, কোনো প্যাঁচ নেই। মনে যা আসে তা-ই বলতে গিয়ে পরিণত হয়েছেন ‘ইন্টারনেট সেনসেশনে’। তাঁর উক্তি দিয়ে ফেসবুক-টুইটারে তৈরি হচ্ছে বিভিন্ন মজার ছবি। সেই সংগ্রহশালায় আরও একটি ‘বচন’ যোগ করলেন এই সুইডিশ তারকা। ইউরো নিশ্চিত করার পর সুইডিশ টিভি চ্যানেল ক্যানাল ৫ কে বললেন, ‘ওরা (ড্যানিশ) ভেবেছিল এখান থেকেই (প্লে-অফে হেরে) অবসরে যাব আমি। ওদের পুরো দেশটাকেই অবসরে পাঠিয়ে দিয়েছি।’
এমন উক্তি শুধু ইব্রাহিমোভিচের মুখেই মানায়। জোড়া গোলে সুইডেনকে তো প্লে-অফ পার করালেন তিনিই। ম্যাচটার অবস্থা এমন ছিল, কোনো ঝামেলা ছাড়া ইউরোতে উঠতে হলে সুইডেনকে এ ম্যাচে হার এড়াতে হতো নিদেনপক্ষে (দুই গোলের ব্যবধানে হারলে বাদ, এক গোলে হারলে অতিরিক্ত সময় খেলতে হতো)। ১৯ ও ৭৬ মিনিটে ইব্রার গোল দুটিতে অনেকটাই নির্ভার হয়ে যায় সুইডিশরা। ম্যাচের শেষ ১৫ মিনিটে দুই গোল শোধ করে কিছুটা হলেও উত্তেজনার ফিরিয়েছিল ডেনমার্ক।
ক্যারিয়ারে যতগুলো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন, সবগুলোতেই হয় গ্রুপপর্ব বা দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে দল। গত বিশ্বকাপে খেলা হয়নি প্লে-অফে বাদ পড়ে। বয়স হয়ে গেছে ৩৪, এবারও প্লে-অফে বাদ পড়লে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভালো কিছু করতে না পারার আক্ষেপটা থেকেই যেত। ইউরোতে কতটুকু কী করতে পারবেন সেটা তো ভবিষ্যৎই বলবে, তবে আশাটা অন্তত টিকিয়ে রাখলেন ইব্রা।

ইউরো ২০১৬ চূড়ান্তপর্ব নিশ্চিত। ইউক্রেনের খেলোয়াড়দের তাই হাঁপছাড়া উল্লাস। ছবি: এএফপি।
ইউরো ২০১৬ চূড়ান্তপর্ব নিশ্চিত। ইউক্রেনের খেলোয়াড়দের তাই হাঁপছাড়া উল্লাস। ছবি: এএফপি।

এই ইউরোই যে শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে সেটির আভাসও দিয়ে দিলেন ম্যাচ শেষে, ‘এটাই নিয়তি, আমি ইউরো চ্যাম্পিয়নশিপেই শেষ করার সুযোগ পাচ্ছি। অনেকেই অভিযোগ করেন আমি বুড়ো ও দুর্বল। তবে আমার তা মনে হয় না।’
মজার ব্যাপার, ইব্রা পুরো দেশকে অবসরে পাঠাতে না পারলেও ডেনমার্কের দায়িত্বে ১৫ বছর পার করা কোচ মর্টেন ওলসেন ও ৮০ ম্যাচ খেলা ডিফেন্ডার লার্স জ্যাকবসনকে অবসর নিতে ‘বাধ্য’ই করেছেন।
ইউরোতে সুইডেনের সঙ্গী হয়ে যাচ্ছে ইউক্রেনও। এই দলটিও ২০১৪ বিশ্বকাপে যেতে পারেনি প্লে-অফে ফ্রান্সের কাছে হেরে। তবে এবার আর ভুল হলো না। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে ছিল ইউক্রেন। কাল স্লোভেনিয়ার মাঠে প্রথমে অবশ্য পিছিয়ে পড়েছিল ইউক্রেন। কিছুটা সংশয় তাই ঘিরে ধরেছিল তাদের ভাগ্য। তবে দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে গোল করে সব সংশয় দূর করে দেন আন্দ্রেই ইয়ারমোলেঙ্কো। তথ্যসূত্র: ইএসপিএন।