ডেনমার্কের আবেগী ফুটবলকে ভয় পাচ্ছেন সাউথগেট

ইংল্যান্ড কোচ সমীহ করছেন ডেনমার্ককে।ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ান এরিকসেনই ছিলেন ডেনমার্কের সবচেয়ে বড় তারকা। প্রথম ম্যাচে সবাইকে হতবিহ্বল করে দিয়ে মাঠেই পড়ে গেলেন তিনি। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কাঁদিয়েছিলেন গোটা দুনিয়াকেই। তাঁর ইউরো সেদিনই শেষ হয়ে গেলেও ডেনমার্কের স্বপ্নযাত্রাটা চলছেই। এরিকসেনকে দুর্ভাগ্যবশত হারানোর আক্ষেপটাকেই যেন শক্তিতে পরিণত করেছে ডেনিশ দল। সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলা। সে ম্যাচের আগে ডেনমার্কের ‘এরিকসেন-আবেগ’কে বড্ড সমীহ করলেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। এই আবেগের জোরেই যে দুর্দান্ত দল হয়ে ওঠা ডেনমার্কের।

৮ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ইংল্যান্ড ও ডেনমার্ক। সে ম্যাচে এরিকসেন বড় প্রভাবই রাখবেন বলে মনে করেন সাউথগেট, ‘আমরা জানি, এরিকসেন ডেনিশ দলের জন্য কতটা কী! ডেনমার্কের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। এরিকসেন যেদিন অসুস্থ হলো, সেদিন তাদের অধিনায়ক আর গোটা দল ওর জন্য যা করেছেন, সেটি অনন্য। কেবল নিজেদের মধ্যে শক্ত বন্ধন থাকলেই এটা সম্ভব। এর সঙ্গে যুক্ত হয়েছে তাদের সমর্থকেরা। সব মিলিয়ে পুরো ব্যাপারটাই খুব শক্তিশালী।’

ডেনমার্কের সঙ্গে আছেন ক্রিস্টিয়ান এরিকসেনের আবেগ।
ছবি: রয়টার্স

ওয়েম্বলিতে হবে এ ম্যাচ। সাউথগেটের শঙ্কা, সে ম্যাচে ডেনমার্কের আবেগের ঢেউ আরও শক্তিশালী হয়েই আছড়ে পড়বে, ‘ডেনমার্ক আবেগের ঢেউয়ে চড়ে চলেছে। আমি মনে করি, এটা ওয়েম্বলিতে আরও শক্তিশালী হয়ে আছড়ে পড়বে। এসব নিয়ে অবশ্যই ভাবতে হচ্ছে। এটা আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করবেই।’

ডেনমার্কের সমর্থকেরাও সেই আবেগের সঙ্গে সম্পৃক্ত
ছবি: রয়টার্স

১৯৬৬ সালের পর বড় কোনো প্রতিযোগিতা জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। আপাতত সেমিতে পা রেখেছে ইংলিশরা। কিন্তু এমন তো হয়েছিল ২০১৮ বিশ্বকাপেও। এবার যেন তেমন কিছু না হয়, লক্ষ্য সেটিই। সাউথগেটও সচেতন সেটি নিয়ে, ‘আমরা অনেক বাধা পেরিয়ে এখানে এসেছি এবং আমি করি, খেলোয়াড়েরা পরবর্তী চ্যালেঞ্জ সম্পর্কে জানেন।’

ইংল্যান্ড এখন পর্যন্ত ইউরো না জিতলেও ডেনমার্কের সে স্বাদ পাওয়া আছে। ১৯৯২ সালে বিশ্বকে অবাক করে দিয়েই তারা জিতেছিল ইউরোর শিরোপা। ওয়েম্বলিতে অনেক জায়গাতেই এগিয়ে থেকে মাঠে নামবে ডেনমার্ক।