ডেনিস কোচের অপেক্ষায় মুক্তিযোদ্ধা
গত বছর ফেনী সকারে কাজ করা গাম্বিয়ান কোচ ওমর সিসেকে পছন্দ ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের। শেষ পর্যন্ত এই আফ্রিকান কোচকে নেওয়ার চিন্তা বাদ দিয়ে ক্লাবটি ঝুঁকেছে ইউরোপের দিকে।
জনা চারেক ইউরোপিয়ান কোচের সঙ্গে কথাবার্তা চলেছে কয়েক দিন। সার্বিয়ান একজন কোচকে মোটামুটি ঠিকও করা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ওই কোচ এক দিন সময় নিয়ে পরে জানিয়ে দেন, তাঁর চাকরি হয়ে গেছে অন্য জায়গায়। রাশিয়ান ও ইতালিয়ান দুজন কোচের সঙ্গেও যোগাযোগ আছে মুক্তিযোদ্ধার।
তবে সর্বশেষ অগ্রগতি যা, তাতে একজন ডেনিস কোচের অপেক্ষায় আছে প্রিমিয়ার লিগের দলটি। এই কোচের নাম টমি মোলার নিলসেন, ডেনমার্ক জাতীয় দলের সাবেক কোচ রিচার্ড মোলার নিলসেনের ছেলে তিনি। রিচার্ড মোলারের অধীনেই ১৯৯২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল ডেনমার্ক। ওই বছর ওয়ার্ল্ড সকারের চোখে কোচ অব দ্য ইয়ার হন তিনি। তাঁর ৫৩ বছর বয়সী ছেলে ডেনমার্কের বাইরে কখনো কাজ করেননি, তাই এই প্রথম দেশের বাইরে কোচিং করাতে আগ্রহী হয়েছেন এবং টমি মোলার নিলসেনেরই মুক্তিযোদ্ধার কোচের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা বেশি।
মুক্তিযোদ্ধার ম্যানেজার ফিরোজ মাহমুদ টিটু জানিয়েছেন, ‘এমনিতে দুই পক্ষে কথাবার্তা হয়ে গেছে। ডেনিস কোচ তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দুই-তিন দিন সময় নিয়েছেন। আজ-কালের মধে৵ সময়টা শেষ হচ্ছে। এর মধ্যেই জানিয়ে দেবেন বাংলাদেশে আসবেন কিনা। তিনি সিদ্ধান্ত জানালেই বিষয়টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’