ডেন্টিস্ট থেকে ফুটবল-পণ্ডিত মিসরীয় নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশনে ফুটবল নিয়ে কথা বলছেন মানার সারহান। ছবি: সংগৃহীত।
টেলিভিশনে ফুটবল নিয়ে কথা বলছেন মানার সারহান। ছবি: সংগৃহীত।

মানার সারহান দাঁতের চিকিৎসক। ২৭ বছর বয়সী এই মিসরীয় নারী একজন ফুটবলপ্রেমীও। নিজের ফুটবলপ্রেমটাকে তিনি এমন এক জায়গায় নিয়ে গেছেন যে দাঁতের চিকিৎসক পরিচয়টাও কখনো কখনো গৌণ হয়ে যায়। সারহান এখন কেবল দাঁতের চিকিৎসকই নন, পুরোদস্তুর এক ফুটবল-বিশ্লেষকও। প্রতি সপ্তাহেই মিসরের বেসরকারি সিবিসি চ্যানেলে তিনি হাজির হন তাঁর ফুটবল পাণ্ডিত্যের ডালি নিয়ে। সবাইকে অবাক করে দিয়ে দিতে থাকেন ক্ষুরধার সব বিশ্লেষণ।
বয়স এখনো তিরিশ স্পর্শ করেনি। সেটা না হয় ধর্তব্যের মধ্যে না নিলেও চলে, কিন্তু মিসরের মতো দেশে একজন নারী হয়ে ফুটবলের নাড়ি-নক্ষত্র নখদর্পণে রেখে একজন ফুটবল-পণ্ডিত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা কিন্তু অবাক করে দেওয়ার ঘটনাই।
খুব ছোটবেলা থেকেই ফুটবলে অনুরক্ত ছিলেন সারহান। নিজেও খেলতেন। কিন্তু মিসরে মেয়েদের ফুটবল খেলার সুযোগ তেমন নেই। ফুটবলার সারহানেরও তাই বেশি দূর এগোনো হয়নি। নিজে খেলতে না পারলেও ফুটবলটাকে উপভোগ করেছেন অন্য আঙ্গিকেই। নিয়মিত ফুটবল দেখেছেন—দেশে, বিদেশের গুরুত্বপূর্ণ সব খেলা। ফুটবলের বিভিন্ন প্রকাশনা পড়েছেন নিয়মিত। ফুটবল-দুনিয়ার সর্বশেষ পরিস্থিতি ও ঘটনার সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। ফুটবলার হতে না পারলেও নিজেকে তিনি একজন ফুটবল–বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সম্পূর্ণ নিজের চেষ্টায়।
কিন্তু মিসরের মতো দেশে একজন নারী হয়ে ফুটবল–বিশেষজ্ঞ হিসেবে জীবন কাটিয়ে দেওয়া তো আর সম্ভব নয়। সে কারণেই সারহান পেশা হিসেবে বেছে নিয়েছেন দাঁতের ডাক্তারি। তিনি নিজেই বলেছেন, ‘ডাক্তারি আমার পেশা আর ফুটবল বিশ্লেষণ আমার ভালো লাগা, আমার প্যাশন।’

দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়, সারহান কীভাবে ঘটান এই দুইয়ের যোগসূত্র? তিনি বলেছেন, ‘আমি দিনে দাঁতের ডাক্তার, রাতে ফুটবল–বিশ্লেষক।’ ডাক্তারিও যেনতেন প্রকারে করছেন না সারহান। তিনি রীতিমতো সরকারি ডাক্তার। দিনের বড় অংশটা তাঁর কাটে সরকারি হাসপাতালে। বিকেল থেকে সন্ধ্যা তিনি সময় দেন একটা বেসরকারি ক্লিনিকে, প্রাইভেট প্র্যাকটিসে। রাতের বেলাটা তাঁর পুরোপুরি বরাদ্দ ফুটবলের জন্য। এ সময় খেলা থাকলে খেলা দেখেন, ফুটবল–বিষয়ক বিভিন্ন প্রকাশনায় চোখ বোলান। ফুটবল নিয়ে লেখালেখি করেন।
মাত্র ১৩ বছর বয়সে তাঁর প্রিয় মিসরীয় ক্লাব জামালেকের নিজস্ব ওয়েবসাইটে প্রদায়ক হিসেবে কাজ শুরু করেছিলেন। একটি সস্তার ভিডিও ক্যামেরাকে সম্বল করে তাঁর পথ চলার শুরু। নিজেই ভিডিও করে সেটি ওয়েবসাইটে আপলোড করতেন। নানা ধরনের ফিচার, সংবাদ ইত্যাদি লিখে লিখে হাত পাকিয়েছেন। ফুটবল বিষয়ে নিজের জ্ঞান-গরিমাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, যেখানে টেলিভিশন চ্যানেলগুলো তাঁকে সাগ্রহেই বিশ্লেষক হিসেবে আমন্ত্রণ জানায়।
প্রথম দিকে কঠিনই ছিল সবকিছু। সারহান নিজেই বলেছেন সে সময়ের দিনগুলোর কথা, ‘সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। তারা আমাকে বলত, মেয়েদের রান্নাঘরেই বেশি মানায়।’
সারহানের মা মাগদা আল হাওয়ারিও গর্বিত মেয়ের জন্য, ‘আমার মেয়ে খুব ছোটবেলা থেকেই ফুটবল খেলত। তবে আমি চাইতাম সে যেন পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যায় এবং পেশা হিসেবে ভালো কিছু বেছে নেয়। তবে সে তো এখন ধারাভাষ্যকার হিসেবেই খুশি।’
কেবল মিসরীয় ফুটবলই নয়, সারহান ইউরোপীয় লিগ ম্যাচগুলোর দুর্দান্ত বিশ্লেষণ করে যাচ্ছেন অনেক দিন ধরেই। সিবিসি টেলিভিশনের উপস্থাপক ইব্রাহিম ফায়েক প্রথম দিকে তাঁকে দেখে বেশ অবাক হয়েছিলেন, কারণ তিনি ‘মেয়ে ও দন্ত চিকিৎসক’। পরে সারহানের ফুটবল বিশ্লেষণে এমনই মুগ্ধ হয়েছেন যে এখন তাঁকে চোখে চোখে রাখেন যাতে অন্য চ্যানেল সারহানকে ভাগিয়ে নিয়ে যেতে না পারে। ফায়েকের মুখে শুধুই সারহানের প্রশংসা, ‘সারহানের ফুটবলবোধ খুব গভীর ও বিস্তারিত। ওর উপস্থাপনাটাও একেবারেই ভিন্ন। সে যেভাবে বিভিন্ন দলের পরিকল্পনা, কৌশল সম্পর্কে বলে যায়, তা আমাকে অবাক করে দেয়।’
জিনেদিন জিদান সারহানের প্রিয় ফুটবলার। ফরাসি ফুটবল কিংবদন্তির জন্যই রিয়াল মাদ্রিদেরও সমর্থক তিনি। লক্ষ্যটাও তাঁর অনেক বড়। স্বপ্ন দেখেন ইউরোপিয়ান ফু্টবলে, বিশেষ করে স্পেনে কাজ করতে। দেশীয় পরিমণ্ডল ছেড়ে আন্তর্জাতিক হতে। শুধু স্বপ্নই দেখছেন না, স্বপ্নপূরণের জন্য কাজও করে যাচ্ছেন। আরও ভালোভাবে লা লিগা ও প্রিয় ক্লাবের খোঁজখবর রাখার জন্য এরই মধ্যে স্প্যানিশ ভাষাটা রপ্ত করে ফেলেছেন সারহান। শুধু ফুটবল নিয়ে জানাবোঝার তৃষ্ণা মেটাতে ইতালিয়ান ও পর্তুগিজ ভাষাও শিখতে চান। তথ্যসূত্র: এএফপি।