ডেভিড সিলভার স্প্যানিশ-ভীতি!
এ যেন ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়া। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকে উঠতে বিস্তর ঘাম ঝরেছে ম্যানচেস্টার সিটির। কিন্তু নকআউট পর্বে যে আরও কঠিন পরীক্ষা দিতে হবে তাদের, মুখোমুখি হয়ে যেতে পারে রিয়াল-বার্সার যে কারও। সিটির স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা প্রার্থনা করছেন, অন্তত কোনো স্প্যানিশ ক্লাবের সামনে যেন পড়তে না হয়!
রোমার সঙ্গে ২-০ গোলের দুর্দান্ত এক জয়ে সিটি উঠেছে পরের পর্বে। একই লিগের ও একই গ্রুপের কোনো ক্লাবের মুখোমুখি হতে হবে না বলে চেলসি ও বায়ার্ন মিউনিখ বাদ। বাকি থাকে ছয়টি ক্লাব—রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, পোর্তো, মোনাকো। আগামী পরশু দ্বিতীয় রাউন্ডের ড্রতে এদের যে কেউ হতে পারে পরের পর্বের প্রতিপক্ষ। সিলভা চাইছেন, সেটি যেন স্পেনের কোনো দল না হয়, ‘আমি ওদের কাউকে (রিয়াল, বার্সা, অ্যাটলেটিকো) নয়, অন্য কাউকেই চাইব। যত পরে স্প্যানিশ কোনো দলের সঙ্গে খেলতে হয়, ততই তো ভালো, তাই না?’
আগেরবারের স্মৃতি থেকেই আসলে সিঁদুরে মেঘ দেখছেন সিলভা। গতবার তো বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল সিটি। সিলভা বলছেন, ‘তারা সবাই এতই ভালো যে আপনি ওদের একটা গোল দিলে আরেকটা খেয়ে যেতে পারেন। এটা হবে কঠিন একটা ড্র। প্রতিটি দলই এখানে কঠিন। যাদের সঙ্গেই খেলা পড়ুক, আমাদের নিজেদের শতভাগ দিতে হবে। ভাগ্যের একটু ছোঁয়াও দরকার আমাদের।’
ঘরোয়া লিগে সাফল্য পেলেও ইউরোপিয়ান মঞ্চে এসে বারবার খেই হারিয়ে ফেলছে সিটি। কঠিন একটা গ্রুপ থেকে উতরানোর পর সিলভা এবার আত্মবিশ্বাসী, ‘আমাদের আরও ভালো খেলতে হবে। কঠিন একটা গ্রুপ থেকে আমরা উঠেছি, কঠিন একটা ম্যাচ জিতেছি। আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি, বিশেষ করে বায়ার্নের সঙ্গে জয়ের পর দল এখন অনেকটাই চাঙা। চ্যাম্পিয়নস লিগ যে কেউই জিততে পারে। এটা কঠিন ও লম্বা একটা রাস্তা।’ গোলডটকম।