ডেমবেলের 'রিলিজ ক্লজ' ৪০ কোটি ইউরো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমবেলেকে কেনার খবর নিশ্চিত করেছে বার্সেলোনা। ছবি: বার্সেলোনা ওয়েবসাইট
ডেমবেলেকে কেনার খবর নিশ্চিত করেছে বার্সেলোনা। ছবি: বার্সেলোনা ওয়েবসাইট

ইউরোপিয়ান সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, ওউসমানে ডেমবেলেকে কিনতে সম্মত হয়েছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে, প্রাথমিকভাবে ১০ কোটি ৫০ লাখ ইউরোয় ফরাসি এ ফরোয়ার্ডকে কিনতে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সা। তাঁর ‘রিলিজ ক্লজ’ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ইউরো। জার্মান ক্লাবটি থেকে আগামী রোববার বার্সায় পা রাখবেন ডেমবেলে। পরদিন স্বাস্থ্য পরীক্ষার পর চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। সোমবার তাঁকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে বার্সা।

ডেমবেলে বার্সার ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হলেও সর্বোচ্চ অঙ্কের ‘রিলিজ ক্লজ’ মূল্য বিচারে তাঁর অবস্থান মাঝ সারিতে। ফুটবলভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় অনলাইন প্রকাশনা গোল ডট কমের জরিপে ১০০ কোটি ইউরো ‘রিলিজ ক্লজ’ মূল্য নিয়ে শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসির ‘রিলিজ ক্লজ’ ৩০ কোটি ইউরো।
এর আগে ইউরোপের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল ‘অ্যাড-অনস’ (পারফরম্যান্স বোনাস) শর্ত মিলিয়ে ডেমবেলের ট্রান্সফারে আনুমানিক ১৫ কোটি ইউরো খরচ হবে বার্সার। কিন্তু দুই ক্লাব সমঝোতায় পৌঁছানোর পর ‘অ্যাড-অনস’ মিলিয়ে ডেমবেলের ট্রান্সফার ফির অঙ্কটা দাঁড়াচ্ছে ১৪ কোটি ৭০ লাখ ইউরো। ডর্টমুন্ডের পক্ষ থেকে বলা হয়, ডেমবেলের নির্ধারিত ট্রান্সফার ফির প্রায় ৪০ শতাংশ অ্যাড-অনস হিসেবে ধরা হবে। সব মিলিয়ে নেইমারের পর ডেমবেলে হবেন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল ফুটবলার।
চলতি গ্রীষ্মকালীন ট্রান্সফার মৌসুমে এ নিয়ে পাঁচ খেলোয়াড়কে কিনল বার্সা। জেরার্ড দেউলোফেউ, নেলসন সেমেদো, পাউলিনহো ও মারলন স্যান্টোসের পর ডেমবেলে হলেন বার্সার সর্বশেষ ‘রিক্রুট।’ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে স্যান্টোসকে ধার নিলেও তাঁকে স্থায়ীভাবে কিনে নেয় কাতালানরা। সূত্র: রয়টার্স, গোল ডট কম