ডেম্বা বার পা ভেঙে চুরমার

ভিডিওটা দেখলে প্রচণ্ড একটা ধাক্কাই খেতে পারেন। ফুটবল মাঠে তো ট্যাকল হয়ই, তাই বলে এ রকম! ডেম্বা বার একটা পা যেন দুই ভাগই হয়ে গেছে। পরশু চীনের সুপার লিগে ওই ফাউলের পর ডেম্বা বার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, এমন আশঙ্কাই জেগেছে।
ডেম্বা বার নামটা পরিচিতই ঠেকার কথা। দুই মৌসুম আগেও চেলসিতে খেলেছেন, তার আগে খেলেছেন ওয়েস্ট হাম ও নিউক্যাসলে। সেনেগালিজ এই স্ট্রাইকার এরপর তুরস্কের ক্লাব বেসিকতাস ঘুরে এবার পাড়ি জমিয়েছেন চীনের সুপার লিগের ক্লাব সাংহাই শেনহুয়াতে। নগরপ্রতিদ্বন্দ্বী সাংহাই এসআইপিজির সঙ্গে একটা ম্যাচে ঘটেছে ঘটনাটা। এসআইপিজির অধিনায়ক সুং জিয়াং ট্যাকল করতে গিয়েছিলেন ডেম্বা বাকে। কিন্তু ডেম্বা বার বাঁ পা বেকায়দায় পড়ে পুরোপুরি বেঁকে যায়। রেফারির সিদ্ধান্তের অপেক্ষা না করে সঙ্গে সঙ্গেই মাঠে ঢুকে পড়েন চিকিৎসকেরা। তখনই বোঝা গিয়েছিল আঘাতটা গুরুতর। এখন জানা যাচ্ছে, এতে ৩১ বছর বয়সী স্ট্রাইকারের ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে!
এক্স-রেতে দেখা গেছে, ডেম্বা বার পায়ের হাড় প্রায় দুই ভাগ হয়ে গেছে। শেনহুয়া কোচ গ্রেগরিও মানজানোর আশঙ্কা, ‘এটা তার পেশাদার ক্যারিয়ারই শেষ করে দিতে পারে। আমি ওকে হারানোর বদলে ম্যাচটা হারলেও খুশি হতাম।’ সাবেক ক্লাব চেলসি ও সতীর্থ জন টেরি টুইট করে শুভকামনা জানিয়েছেন ডেম্বা বাকে। মেইল অনলাইন।