খেলোয়াড়দের মুখে হাসি নেই। গত ১২ নভেম্বর তাজিকিস্তানের কাছে ৫-০ গোলে হারের দুঃস্মৃতিটা যে এখনো দগদগে! সেই তাজিকিস্তানে আজ আবার যাচ্ছে বাংলাদেশ। আগেরবার বিশ্বকাপ বাছাইপর্বে, এবার ২০১৯ এশিয়ান কাপের বাছাইপর্বের টিকিট পাওয়ার প্রথম প্লে-অফের পরীক্ষায়।
তাজিকদের সঙ্গে ৫ গোলে হারের লজ্জাটা ছিল বৃষ্টিভেজা দুশানবের মাঠে। আবহাওয়া এবার অতটা প্রতিকূল না-ও থাকতে পারে। তবে দুশানবের দ্রুতগতির টার্ফের সঙ্গে মানিয়ে নেওয়া বড় চ্যালেঞ্জই। তা ছাড়া তাজিকিস্তানের মাঠে কখনো না জেতাও একটা মনস্তাত্ত্বিক বাধা। এ সফরে সেটিও বাংলাদেশের সামনে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়াচ্ছে।
অ্যাওয়ে ম্যাচ খেলা সব সময়ই কঠিন। তাই আগের ৫-০ স্কোরলাইন বিবেচনায় নিলে তাজিকদের সঙ্গে এবার ড্র করে আসতে পারাই হবে ঢের ভালো। এমনিক ১-০ গোলে হারলেও থিঙ্ক ট্যাঙ্কের কাছে সেটি খারাপ ফল নয়। সে ক্ষেত্রে ঢাকায় ৭ জুন ফিরতি ম্যাচে ২-০ গোলে জেতার চেষ্টা থাকবে। তবে এসব সমীকরণ ‘অফ দ্য রেকর্ড’ই আলোচনায় আসছে।
‘অন রেকর্ড’ ড্র নিয়ে খোলাখুলি না বললেও থিঙ্ক ট্যাঙ্কের মাথায় সেটি আছে। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কোচ লোডভিক ডি ক্রুইফ জয়ের কথা বলেননি। ড্র শব্দটাও উচ্চারণ করেননি। একটু কূটনৈতিক চালে বলেছেন, ‘আমরা ভালো ফল করব আশা করি।’ সেই ‘ভালো ফল’ যে ড্র তা নিয়ে সংশয় নেই। ডি ক্রুইফের চোখে সেটি সম্ভব, ‘আমি এই দলের পক্ষে বাজি ধরব। ভালো কিছু করার সামর্থ্য ছেলেদের আছে।’
বাজি ধরার মতো একটা দল চাই, সেই দলটা গড়তে পেরেছেন বলেও দাবি কোচের। নিষেধাজ্ঞা কাটিয়ে মামুনুল ইসলাম দলে ফিরেছেন অধিনায়ক হিসেবেই। মামুনুল কাল সংবাদ সম্মেলনে পরোক্ষে ড্রয়ের কথাই বলে গেলেন, ‘ড্র করতে পারলে তো ভালোই। তবে ড্রয়ের জন্যই খেলব, এমনটা বলব না। আমি বলব, আমরা গোল খাব না।’
তবে ‘গোল খাব না’ প্রতিজ্ঞা নিয়েও বাংলাদেশ দলের রক্ষণ সম্প্রতি হয়ে উঠেছে ‘বালুর বাঁধ’। এমনিতে ডি ক্রুইফ ৪-৩-৩ ছকে বেশি যান, কখনো ৪-৫-১। এই সফরেও চার ডিফেন্ডার নিয়ে খেলবেন বলে আভাস। তবে রক্ষণ শক্তিশালী করে খেলার এই মিশনে দেখা যাচ্ছে, ক্রুইফের ২৩ সদস্যের দলে ফরোয়ার্ডের ছড়াছড়ি। তাতে একেবারেই নতুন মুখ সৈয়দ রাশেদ তূর্য।
রহমতগঞ্জের এই ফরোয়ার্ডের স্কিলে ঘাটতি থাকলেও শক্তি ও শারীরিক গঠনে নজর কেড়েছেন কোচের। বয়সভিত্তিক দলে তেমন না খেলেও সরাসরি এসেছেন জাতীয় দলে, তাঁকে ২০১৪ সালে বিকেএসপিতে একটা ম্যাচে প্রথম দেখেন ডি ক্রুইফ। ফেডারেশন কাপে গোল করেছেন একটি, বেশিরভাগ সময়ই কাটাতে হয়েছে রহমতগঞ্জের বেঞ্চে। তাঁর সম্পর্কে কোচের মূল্যায়ন, ‘সে ভালো খেলোয়াড়, পাওয়ার আছে। জন্যই ওকে নিলাম। তবে ওকে উন্নতি করতে হবে।’ সর্বশেষ ক্যাম্পে থাকা ২৬ জন থেকে বাদ পড়েছেন আমিনুর রহমান সজীব, শাকিল আহমেদ, ইয়ামিন মুন্না। নিষেধাজ্ঞা কাটিয়ে মামুনুলের সঙ্গে ফিরেছেন সোহেল রানাও।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের ডাগ-আউটে ফিরছেন ডি ক্রুইফ নিজেও। এবং যথারীতি তিনি আশাবাদী, ‘ছেলেরা খুবই উজ্জীবিত, দারুণ প্রশিক্ষণ হয়েছে, আমরা এক শ ভাগ তৈরি। ভালো ফল চাই তাজিকিস্তানে।’ তবে কোচের পাশে বসা অধিনায়ক মামুনুলকে একটু বিমর্ষই লাগছিল। হয়তোবা তাজিকদের সঙ্গে সেই ৫-০ দুঃস্মৃতিটা মনে করেই!
২৩ সদস্যের দল
সোহেল, আশরাফুল রানা, রাসেল মাহমুদ, তপু বর্মণ, মামুন মিয়া, নাসির উদ্দীন, নাসিরুল, রায়হান, ওয়ালী ফয়সাল, আরিফুল, রেজাউল, জামাল ভূঁইয়া, মামুনুল, ইমন, মোনয়েম রাজু, শাহেদ, জনি, সোহেল রানা, জুয়েল রানা, ফয়সাল মাহমুদ, রুবেল মিয়া, জীবন ও তূর্য।
নতুন: সৈয়দ রাশেদ তূর্য।
ফিরলেন: মামুনুল ও সোহেল রানা।
সর্বশেষ জর্ডান সফর থেকে বাদ: হিমেল, ফজলে রাব্বি, শাহেদ জুনিয়র, সজীব, কেষ্ট, ফাহাদ ও শাকিল।