ড্র করে অতৃপ্ত দুদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল কোচ জোসিমউদ্দিন জোসির ক্ষুব্ধ চোখমুখ বলে দিচ্ছিল সব। বিজেএমসির সঙ্গে ১-১ ড্রটা কোনোভাবেই মানতে পারছিলেন না। জেতা উচিত ছিল বললেন বারবারই। তবে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ ড্র করতে পারাও মনে হয় না শেখ জামালের জন্য কম কিছু!

বিজেএমসির কোচ জাকারিয়া বাবু ম্যাচ শেষে উচ্চকিত রেফারিং নিয়ে। প্রিমিয়ার ফুটবল লিগে এই একটা ব্যাপার, প্রায় প্রতি ম্যাচেই কোচরা রেফারিং নিয়ে নানা অভিযোগ করেন। কালও শেখ জামালের সমতাসূচক গোলটি নিয়ে আপত্তি বিজেএমসির।

এমেকা ৬১ মিনিটে যখন হেডে ১-১ করলেন, শেখ জামালের তিন খেলোয়াড় অফসাইডে ছিল বলে জোর দাবি বিজেএমসির। প্রেসবক্সেও আওয়াজ ওঠে, এ তো অফসাইড। তবে ৪০ মিনিটে বিজেএমসির পাওয়া পেনাল্টি নিয়ে কোনো বিতর্ক নেই। পেনাল্টি থেকে গোলটা করলেন স্যামসন ইলিয়াসু। তাঁর দল তুলনামূলক ছোট ছোট পাসে ভালো খেলেও জিততে পারেনি সুযোগ নষ্ট করায়। শেখ জামাল শক্তির ব্যবহারই দেখিয়েছে বেশি।

চ্যাম্পিয়নদের সমস্যা, ধারাবাহিকতার অভাব। তাই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কমছে। কাল জিতলে দুই আবাহনীর সঙ্গে ভালোভাবে লড়াইয়ে থাকত শেখ জামাল। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আশা অনেকটা ক্ষীণ। যদিও শেখ রাসেলের মতো শেখ জামালের কাছেও চট্টগ্রামের এই পর্বটা হলো ‘লাকি সেভেন’! প্রাপ্তির খাতায় তিন ম্যাচে ৭ পয়েন্ট।

বিজেএমসি এই পর্বে তিনটিই ড্র করেছে। ১৭ ম্যাচে পয়েন্ট ১৭। পয়েন্ট টেবিলের নয়ে নেমে যাওয়া ভালো খবর নয় ‘সরকারি’ এই দলটির জন্য!