ড্র করে নিজেদের ঝামেলা বাড়াল চেলসি

হতাশ চেলসির কোচ টমাস টুখেলছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই গ্রুপ থেকে যে জুভেন্টাস আর চেলসিই পরের রাউন্ডে উঠছে, ব্যাপারটা নিশ্চিত ছিল। কিন্তু নিশ্চিত ছিল না গ্রুপে এই দুই দলের অবস্থান। গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে যাওয়ার লক্ষ্য নিয়েই নিজ নিজ ম্যাচে আজ মাঠে নেমেছিল দুই দল। সে লক্ষ্যে জুভেন্টাস পুরোপুরি সফল হলেও ব্যর্থ হয়েছে চেলসি।

ইতালিয়ান স্ট্রাইকার মইস কিনের গোলে সুইডিশ মালমোকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ওদিকে রাশিয়ায় গিয়ে জেনিত সেইন্ট পিটার্সবার্গের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে এসেছে চেলসি। ড্র করে নিজেদের ঝামেলা উলটো বাড়িয়েছে দলটা।

জোড়া গোল করেছেন ভেরনার
ছবি : রয়টার্স

ড্রয়ের কারণেই গ্রুপের দ্বিতীয় দল হয়ে পরের রাউন্ডে উঠেছে চেলসি। আর দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে ওঠা মানেই অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষের মুখে পড়া। এমনও হতে পারে দ্বিতীয় রাউন্ডে রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্নের বিপক্ষে ম্যাচ পড়ে যেতে পারে চেলসির। জেনিতকে হারিয়ে গ্রুপের শীর্ষে থাকলে এ ঝামেলাটা হয়তো এড়াতে পারত তাঁরা।

তবে ম্যাচে চেলসির শুরুটা হয়েছিল ইতিহাস গড়ে। মাত্র ১ মিনিট ৪২ সেকেন্ডে গোল করে চেলসিকে এগিয়ে দেন জার্মান স্ট্রাইকার টিমো ভেরনার। চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে এত আগে চেলসি কখনও গোল করেনি।

একটি গোল করেছেন ক্লদিনিও
ছবি : রয়টার্স

পিছিয়ে পড়েও পরে আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নেয় জেনিত। তিন মিনিটে ব্রাজিলিয়ান ঝলকে দুই গোল করে ম্যাচে এগিয়ে যায় তাঁরা। প্রথমে ৩৮ মিনিটে উইংব্যাক দগলাস সান্তোসের সহায়তায় গোল করেন মিডফিল্ডার ক্লদিনিও, তিন মিনিট পরেই আরেক ব্রাজিলিয়ান উইঙ্গার মালকমের সাহায্যে গোল করেন ইরানি স্ট্রাইকার সর্দার আজমুন।

বিরতির পর ৬২ মিনিটে ভেরনারের সহায়তায় গোল করেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। সেপ্টেম্বরের ১৪ তারিখের পর এই প্রথম চেলসির হয়ে গোল পেলেন এই স্ট্রাইকার। সর্বশেষ গোলটাও এই জেনিতের বিপক্ষেই এসেছিল তাঁর।

বহুদিন পর গোল পেয়েছেন লুকাকু
ছবি : রয়টার্স

৮৫ মিনিটে আভারও চেলসিকে এগিয়ে দেন ভেরনার। জয় যখন চেলসির হাতের ম উঠোয় বলে মনে হচ্ছিল, তখনই বেরসিকের মতো বাধা দিয়ে বসেন জেনিতের মিডফিল্ডার মাগোমেদ ওজদোয়েভ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে দলকে ড্র এনে দেন তিনি, আর নিশ্চিত হয়, চেলসি দ্বিতীয় হয়েই পরের রাউন্ডে যাচ্ছে।

ওদিকে মইস কিনের গোলে মালমোকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ম্যাচের ১৮ মিনিটে ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো বের্নার্দেসকির সহায়তায় গোল করেন তিনি।