ড্র করে শেষ আটে ব্রাদার্স

রহমতগঞ্জের সঙ্গে কোনোরকমে হার এড়াতে পেরে ব্রাদার্সের কোচ সুব্রত ভট্টাচার্য যেন হাঁফ ছেড়ে বাঁচলেন, ‘না হেরে কোয়ার্টার ফাইনালে যেতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত যেতে পেরেছি, এতেই খুশি।’
গ্রুপের প্রথম ম্যাচে বিজেএমসিকে ৩-০ গোলে হারিয়েই কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল রহমতগঞ্জ। ব্রাদার্সের সঙ্গে তাদের কালকের ম্যাচটি মর্যাদার লড়াই ছাড়া আর কিছু ছিল না। ব্রাদার্সের কাছে হারেনি তারা। আর ম্যাচটি গোলশূন্য থাকায় কোয়ার্টার ফাইনালে উঠে গেল ব্রাদার্স।
‘রক্ষণ সামলে পারলে আক্রমণে ওঠো’—এমনটাই ছিল ব্রাদার্স কোচের কৌশল। কিন্তু রহমতগঞ্জের রক্ষণে সেভাবে ঢুকতেই পারেনি ব্রাদার্স। জ্বরের কারণে ব্রাদার্সের ফরোয়ার্ড বিপ্লব কাল মাঠে নামেননি। জ্বর নিয়েও খেলেছেন ডিফেন্ডার লিটন। ব্রাদার্সের ফুটবলারদের গোল করার আকাঙ্ক্ষাও তেমনি দেখা যায়নি।
রহমতগঞ্জের ফুটবলাররাও ‘ঢিমেতালে’ খেললেন। রহমতগঞ্জ কোচ কামাল বাবুর ভাষায়, ‘আমরা আজ একটু রয়েসয়ে খেলেছি।’
বিজেএমসিকে হারিয়ে আগেই শেষ আট নিশ্চিত করা দলটি আসলে ঝুঁকি নিতে চায়নি। আগের ম্যাচে হলুদ কার্ড পেয়েছেন ফরোয়ার্ড ফয়সাল, মাহবুবুল ইসলাম হিমু ও মিডফিল্ডার নাঈমুর রহমান শাহেদ। ফয়সাল ও হিমুকে তাই একাদশেই রাখেননি কোচ। দ্বিতীয় একাদশকে যেন একটু পরখ করে নিলেন কামাল বাবু। ড্র করেও খুশি তিনি, ‘আমি তো ভেবেছিলাম ম্যাচটা কঠিন হবে। শেষ পর্যন্ত উতরে গেছি।’
ম্যাচে গোলের দারুণ একটা সুযোগ অবশ্য পেয়েছিল রহমতগঞ্জ। ৬৩ মিনিটে সোহেলের ক্রস থেকে রাশেদুল ইসলামের হেড চলে যায় ব্রাদার্স গোলরক্ষক কামাল হোসেনের হাতে! বাকি সময়ে দুই দলের বলার মতো কোনো আক্রমণ চোখে পড়েনি।