ড্র করে শেষ চারে চ্যাম্পিয়নরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্সে জামাল ভূঁইয়ার ক্রস। তাতে হেড করে নাসিরের গোল। এই গোলেই ঘুরে দাঁড়ানোর শুরু চট্টগ্রাম আবাহনীর। মানাং মার্সিয়াংদির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও কাল চট্টগ্রামের দলটি শেষ পর্যন্ত ড্র করে ২-২ গোলে l প্রথম আলো
বক্সে জামাল ভূঁইয়ার ক্রস। তাতে হেড করে নাসিরের গোল। এই গোলেই ঘুরে দাঁড়ানোর শুরু চট্টগ্রাম আবাহনীর। মানাং মার্সিয়াংদির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও কাল চট্টগ্রামের দলটি শেষ পর্যন্ত ড্র করে ২-২ গোলে l প্রথম আলো

গ্রুপ পর্বের শেষ দিনে অল্প কিছু দর্শকের দেখা পেল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। বেশির ভাগ যদিও রাজনৈতিক সভা-সমাবেশের মতো বাসে ভাড়া করে আনা। তা হোক, তবু একটু প্রাণ তো পেল টুর্নামেন্ট। আর ঘরের দর্শকের সামনে দুই গোলে পিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনী শেষ পর্যন্ত মানাং মার্সিয়াংদির সঙ্গে ড্র করে নিশ্চিত করল সেমিফাইনাল।
তিন ম্যাচে ৫ পয়েন্ট গতবারের চ্যাম্পিয়নদের। মানাং মার্সিয়াংদি সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে ছিল। প্রথম দুই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া নেপালের দলটিকে সেমিফাইনাল নিশ্চিত করতে কালকের এ ম্যাচটি জিততেই হতো। শুরুটাও করেছিল তারা জয়ের আশা জাগিয়ে। এগিয়ে যায় তৃতীয় মিনিটেই।
বাঁ প্রান্ত থেকে বাতাসে ভাসিয়ে দেওয়া বলে অধিনায়ক অনিল গুরুং মাথা ছুঁইয়ে বক্সে দাঁড়ানো স্ট্রাইকার ওলাদিপোকে বাড়িয়ে দেন। ওলাদিপোর হেড জালে জড়াতেই গ্যালারির নেপালি দর্শকদের সেকি আনন্দ! তারা দ্বিতীয় গোলটাও পেয়েছে দ্রুত। ২২ মিনিটে মাঝমাঠ থেকে বিশাল রাইয়ের থ্রু বক্সের মাথায় নিজের আয়ত্তে নিয়ে একজনকে কাটিয়ে গোল করেন ওই ওলাদিপো।
ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী প্রশংসায় ভাসালেন মার্সিয়াংদির বিদেশি স্ট্রাইকারকে, ‘ওলাদিপো খুবই ভালো ফুটবলার। তাকে আটকানো কঠিন।’
২ গোলে পিছিয়ে পড়ে আবাহনী আক্রমণে উঠতে চাইলেও ভুল পাসের কারণে তা ভেস্তে যাচ্ছিল। ৩১ মিনিটে অগাস্টিন ওয়ালসনের জোরালো একটি শট গোলরক্ষক বাঁচান কর্নারের বিনিময়ে। এটি থেকেই গোল পায় আবাহনী। কর্নারের বল মানাং রক্ষণভাগ ক্লিয়ার করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি। একসময় বড় বক্সের ভেতর থেকে জামাল ভূঁইয়া বল তুলে দেন ছোট ডি-বক্সে। সেখানে দাঁড়ানো নাসির উদ্দিন হেড করে ব্যবধান কমান।
দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরাতে বারবার আক্রমণের চেষ্টা করে যায় স্বাগতিক দল। কিন্তু পেরে উঠছিল না নেপালি রক্ষণব্যূহ ভাঙতে। ৬১ মিনিটে বক্সের ভেতর ডিফেন্ডার দেবেন্দ্রর হাতে বল লাগলে মিয়ানমারের রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করেন অগাস্টিন। মার্সিয়াংদির কোচ লুপাসেং গুরুং অবশ্য পেনাল্টির সিদ্ধান্ত মানতে পারেননি।
এর ৭ মিনিট পর মুফতা লয়ালের শট ক্রসবারে চুমু খেয়ে বাইরে না গেলে এগিয়ে যেতে পারত আবাহনী। তবে যোগ করা সময়ে অনিল গুরুংয়ের হেড ক্রসবারে লেগে না ফিরলে গোল পেত মার্সিয়াংদি।
ম্যাচ শেষে সাইফুল বারী যেন হাঁফ ছেড়ে বাঁচলেন, ‘আমরা সেমিতে উঠেছি একটি কঠিন ম্যাচ ড্র করে। দুই গোলে পিছিয়ে থেকে ড্র করাটা দুরূহ।’
চট্টগ্রাম আবাহনী: আশরাফুল, মনসুর, ইয়ামিন, মুফতা, নাসির, মামুনুল, কিংসলে (সোহেল), ওয়ালসন (সোহেল), ইব্রাহিম (রায়হান), সিলভা ও জামাল।
সেমিফাইনাল লাইনআপ
২৭ ফেব্রুয়ারি টিসি স্পোর্টস-মার্সিয়াংদি
২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম আবাহনী-পোচন