ড্র করে হেরেছেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিরুর হেড জড়িয়ে যাচ্ছে জালে। ম্যাচের শেষ মুহূর্তের এই গোলটিই ওল্ড ট্রাফোর্ডে কাল একটি পয়েন্ট এনে দিল আর্সেনালকে l এএফপি
জিরুর হেড জড়িয়ে যাচ্ছে জালে। ম্যাচের শেষ মুহূর্তের এই গোলটিই ওল্ড ট্রাফোর্ডে কাল একটি পয়েন্ট এনে দিল আর্সেনালকে l এএফপি

‘ওরা ভাগ্যবান, আমরা দুর্ভাগা! আমি এমন একটা দলের দেখভাল করছি যারা সম্ভবত প্রিমিয়ার লিগেরই সবচেয়ে দুর্ভাগা দল।’

ম্যাচ শেষে বিরস-বদনে গড়গড় করে কথাগুলো বললেন হোসে মরিনহো। অবশ্য আর কীই-বা বলার থাকতে পারত ম্যানচেস্টার ইউনাইটেড কোচের? ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে, আর্সেনালকে পুরো দমিয়ে রেখেও শেষ পর্যন্ত কাল ওল্ড ট্রাফোর্ডে ১-১ গোলে ড্র মেনে নিতে হলো মরিনহোর দলকে। নিজেদের দুর্ভাগা ভাবারই কথা ইউনাইটেডের।

গোটা ম্যাচে ইউনাইটেডের পোস্টে একটাই শট আর্সেনালের, তাতেই গোল! সেটি এল এমন সময়ে, যখন মরিনহোর দলের তেমন কিছুই আর করার ছিল না—ম্যাচের ৮৮ মিনিটে। ইউনাইটেড বক্সের বাইরে ডান দিকে বল নিয়ে উঠে এলেন মাত্রই বদলি নামা অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইন। বক্সে ক্রস ফেললেন, দৌড়ে এসে সেটিতে হেড করেন আর্সেনালের আরেক বদলি খেলোয়াড় অলিভিয়ের জিরু। গোল! ওল্ড ট্রাফোর্ডের অতিথি ডাগআউটে উসখুস করতে থাকা ওয়েঙ্গারের জন্য যা এল একপশলা স্বস্তির বাতাস হয়ে।

ম্যাচের আগের হিসাব-নিকাশগুলোও ওয়েঙ্গারকে স্বস্তিতে থাকতে দিচ্ছিল না। ইউনাইটেডের সঙ্গে সর্বশেষ এগারো সাক্ষাতে জিতেছেন মাত্র দুবার। অন্য ডাগআউটে বসে থাকা মরিনহোর সঙ্গে প্রতিযোগিতামূলক ম্যাচে দ্বৈরথের হিসাবটাও ছিল এমন—মরিনহো ১৩: ওয়েঙ্গার ০! সংখ্যাটা ১৪ হয়নি, এতেই খুশি হওয়ার কথা ওয়েঙ্গারের। ম্যাচজুড়েই যেখানে কৌশলের যুদ্ধে মার খেয়ে গেছেন মরিনহোর কাছে।

ওজিল-রামসেরা ছিলেন নিষ্ক্রিয়, সানচেজকেও বল পেতে বারবার নিচে নেমে আসতে হচ্ছিল। ইউনাইটেড জায়গা দিচ্ছিল না আর্সেনালকে, গানারদের বেশি নিখুঁত টিকি-টাকা খেলার চেষ্টাও শেষ পর্যন্ত হয়ে রইল অকার্যকর। বরং মিডফিল্ডে দখল রেখে ইউনাইটেডই আক্রমণে উঠছিল বারবার। প্রথমার্ধেই যেটির ফল পেতে পারত ইউনাইটেড, পায়নি আর্সেনাল বক্সে পিওতর চেক ছিলেন বলে। ৩৬ মিনিটে হুয়ান মাতার শট, পাঁচ মিনিট পর বক্সের বাঁ দিক থেকে অ্যান্থনি মার্শিয়ালের নেওয়া বাঁকানো শটটিও ফিরিয়ে দেন আর্সেনাল গোলকিপার।

তবে ৬৯ মিনিটে মাতার শটটি ঠেকানোর সাধ্য তাঁর ছিল না। পগবার পাস ধরে বক্সের ডান দিক থেকে কাট ব্যাক করেন অ্যান্ডার হেরেরা, দৌড়ে বক্সের ভেতরে ঢুকতে থাকা মাতা প্রথম স্পর্শেই বল জড়িয়ে দেন জালে। এরপর আগে-পরেও বেশ কয়েকটি সুযোগ পেয়েছেন পগবা-রোহোরা। কিন্তু ম্যাচটাকে নিজেদের করে নিতে পারেননি। উল্টো শেষ মুহূর্তে জিরুর গোলে জয়টাও হলো হাতছাড়া।

এতে এতই বিরক্ত ছিলেন মরিনহো, সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময় একটা কথাই বলে যাচ্ছিলেন বারবার, ‘অবশেষে আমি আর্সেনালের কাছে হেরেছি! অবশেষে আমি আর্সেনালের কাছে হেরেছি।’ তথ্যসূত্র: স্টার স্পোর্টস।

এক নজরে 

         ইউনাইটেড ১: ১ আর্সেনাল

    সাউদাম্পটন ০: ০ লিভারপুল

       দেপোর্তিভো ২: ৩ সেভিয়া

     বার্সেলোনা ০: ০ মালাগা

           উদিনেসে ১: ২ নাপোলি