অস্ট্রেলিয়ার সঙ্গে ৮০-৮৫ শতাংশ রক্ষণ সংগঠনের ওপরই জোর দেওয়ার কথা বলেছেন লোডভিক ডি ক্রুইফ। মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে সেই পরিকল্পনার প্রয়োগ ঘটালেন বাংলাদেশ কোচ। রক্ষণকাজটা খুব ভালোই করল কাল বাংলাদেশ। মালয়েশিয়া তাই অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত বাংলাদেশের গোলমুখ খুলতে পারল না।
গোলরক্ষক সোহেল দারুণ আস্থা নিয়ে খেলেছেন। স্বাগতিক দলের ফ্রি-কিক ‘ফিস্ট’ করে বাঁচিয়েছেন, সময়মতো পোস্ট ছেড়ে বেরিয়ে রুখে দিয়েছেন গোলের সহজ সুযোগ। প্রতিপক্ষের গোটা ছয়েক গোলের সুযোগ নস্যাৎ করেছেন, ম্যাচটাকে গোলশূন্য রাখতে বড় ভূমিকাই রেখেছেন সোহেল। বাংলাদেশের গোলরক্ষকই ম্যাচের অঘোষিত সেরা খেলোয়াড়!
চার ডিফেন্ডার নাসিরুল, ইয়াসিন, ইয়ামিন, তপু বর্মণও দায়িত্ব পালন করেছেন। খুব একটা ভুল এঁরা কেউ করেননি। একটা জমাট রক্ষণদেয়ালই দাঁড়িয়ে গিয়েছিল মালয়েশিয়ার সামনে। তবে বাংলাদেশের রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তার পাশে মালয়েশিয়ার ফরোয়ার্ডরা এলোমেলো শটও নিয়েছেন বেশ কিছু।
ফরোয়ার্ড আসরি ইয়াহিয়া খুব কাছ থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি। কুয়ালালামপুরের শাহ আলম স্টেডিয়ামের চেনা পরিবেশে শফিক রহিম, হাসান বাখরিও একই পথের যাত্রী। কিন্তু বক্সের আশপাশে ফাউল করে যেভাবে ৭-৮টি ফ্রি-কিক দিয়েছেন ইয়ামিনরা, তাতে মালয়েশিয়া গোল পেয়ে যেতে পারত যেকোনো সময়ই।
সেটি না হওয়া বড় স্বস্তির ব্যাপারই। বাংলাদেশ দল আসলে ঘর সামলে তবেই প্রতি-আক্রমণে উঠতে চেয়েছে। প্রথম ২০ মিনিটের পর কিছু সময় বাংলাদেশ খেলাটা ধরেছিল। বলের দখল রেখে টানা পাস খেলছিল এ সময়। বার কয়েক মালয়েশিয়ার অ্যাটাকিং থার্ডেও ঢুকেছে। কিন্তু সেগুলোর সফল পরিণতি দিতে পারেনি। মালয়েশিয়া আবার খেলাটা নিয়ন্ত্রণে নিয়ে দুই প্রান্ত ব্যবহার করে বেশ কিছু ক্রস তুলেছে বাংলাদেশের বক্সে। বেশির ভাগ সময়ই মাঝমাঠেরও দখল ছিল স্বাগতিকদের।
‘গোল খাব না’ এই পণ করেই দল মাঠে পাঠিয়ে ডি ক্রুইফ সফল হলেন ঠিকই, কিন্তু আগাগোড়া রক্ষণাত্মক ফুটবল চোখের জন্য সুখকর হতে পারে না। যদিও গ্যালারিতে উপস্থিত কিছু প্রবাসী বাংলাদেশি খুশি মনেই ঘরে ফিরে গেছেন।
ড্র নিয়ে অস্ট্রেলিয়া যেতে চাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হওয়া বাংলাদেশের জন্য একটা মানসিক জয়। খেলোয়াড়েরা মনে করতে পারেন, ‘হ্যাঁ, আমরা ভালো রক্ষণ করতে পারি। অস্ট্রেলিয়ার সঙ্গেও পারব।’ এই আত্মবিশ্বাস নিয়েই আজ সকালে কুয়ালালামপুর থেকে পার্থ রওনা দেবে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল: সোহেল, ইয়াসিন, ইয়ামিন (মিশু), নাসিরুল, তপু, জামাল (মোনায়েম রাজু), সোহেল রানা (তকলিচ), মামুনুল (ইমন), হেমন্ত, জুয়েল রানা (এনামুল), এমিলি।