ড্র ম্যাচে দুঃখটা মরিনহোরই

হোসে মরিনহো হয়তো আজ রাতে ঘুমের মধ্যে দুঃস্বপ্নেও দেখবেন দৃশ্যটা। ডান দিক থেকে অ্যালেক্স অক্সলেড চেম্বারলেইনের ক্রস, তাতে অলিভিয়ের জিরুর হেড! বল জড়িয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে!
ম্যাচে গোলমুখে একটাই শট আর্সেনালের। তাতেই গোল! মরিনহোর ম্যাচপূর্ব বিরস-বদনে যা-ও একটু হাসি দেখার সম্ভাবনা ছিল, সেটিও শেষ ওই গোলে। দুর্দান্ত খেলে, এগিয়ে গিয়েও যে শেষ পর্যন্ত আর্সেনালের সঙ্গে ১-১ গোলের ড্র মেনে নিতে হলো মরিনহোর ইউনাইটেডকে।
বড় মোক্ষম সময়েই ওল্ড ট্রাফোর্ডে স্তব্ধতা নামিয়ে আনলেন জিরু। ফ্রেঞ্চ স্ট্রাইকারের গোলটা এল এমন সময়ে, সেটির ধাক্কা কাটিয়ে ওঠার জন্য আর তেমন সময়ই ছিল না ইউনাইটেডের। ৬৯ মিনিটে হুয়ান মাতা গোল করে এগিয়ে নিয়েছিলেন ইউনাইটেডকে, এরপর ৮৮ মিনিটে এল জিরুর ওই গোল।
আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ইংলিশ লিগ ফিরল এই ম্যাচ দিয়ে। ম্যাচটিও কী দুর্দান্ত, একে ইউনাইটেড-আর্সেনাল, তার ওপর দুই ডাগআউটে পুরোনো শত্রু মরিনহো ও আর্সেন ওয়েঙ্গার। কিছু হিসেব চুকানোরও ছিল ওয়েঙ্গারের, এর আগে প্রিমিয়ার লিগে ১১টি ম্যাচ খেলেও কখনো মরিনহোকে হারাতে পারেননি ওয়েঙ্গার। পারলেন না এবারও। কিন্তু শেষ পর্যন্ত তবু তৃপ্তিই খুঁজে নেবেন আর্সেনাল কোচ, আজ খুব একটা ভালো না খেলেও যে শেষ পর্যন্ত ড্রটা তুলে নিতে পারল তাঁর দল।
প্রথমার্ধটা ছিল দুই দলের কৌশলের যুদ্ধ। তাতে কিছুটা এগিয়ে ছিল ইউনাইটেডই। দুই গোলকিপারের মধ্যে যে পিওতর চেককেই যা ব্যস্ত থাকতে হলো। ৩৬ মিনিটে বক্সের বাইরে থেকে হুয়ান মাতার শটটি বাঁচিয়েছেন বাঁদিকে ঝাঁপিয়ে, পাঁচ মিনিট পর বক্সের বাঁ দিক থেকে অ্যান্থনি মার্শিয়ালের নেওয়া বাঁকানো শটটিও ফিরিয়েছেন।
আর্সেনাল একেবারেই সুযোগ পায়নি, তা নয়। সুবর্ণ সুযোগ যাকে বলে, সেটিই পেয়েছিল তারা, ৭ মিনিটে। তবে পোস্টের ৩-৪ গজ দূর থেকে হেড করেও বলটাকে পোস্টে রাখতে পারেননি অ্যালেক্সিস সানচেজ। পোস্টে আর্সেনাল আসলে শট নিতে পারেনি পুরো প্রথমার্ধেই। গত এপ্রিলের পর কোনো প্রিমিয়ার লিগের ম্যাচে যে অভিজ্ঞতা এই প্রথম হলো ওয়েঙ্গারের দলের।
তবে এসব নয়, প্রথমার্ধে বলার মতো ঘটনা আন্তোনিও ভ্যালেন্সিয়ার পেনাল্টি আবেদন। আর্সেনাল বক্সে নাচো মনরিয়েলের সঙ্গে ধাক্কাধাক্কিতে দুজনই পড়ে যান, রেফারি আন্দ্রে মেরিনারের চোখে যেটিকে পেনাল্টি মনে হয়নি। মরিনহো স্বাভাবিকভাবেই সিদ্ধান্তটাতে খুশি হননি, সেটি খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন অভিব্যক্তিতে।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই ইউনাইটেডেরই দাপট। আর্সেনালকে খুব একটা সুযোগই দিচ্ছিল না মরিনহোর দল। ওজিল-রামসেরা ছিলেন নিজেদের ছায়া হয়ে, সানচেজও বারবার অনেক নিচে নেমে আসছিলেন বল নিতে। দাপটটা ধরে রেখেই এগিয়ে যায় ইউনাইটেড। পগবার পাস ধরে বক্সের ডানদিক থেকে কাটব্যাক করেন অ্যান্ডার হেরেরা, দৌড়ে বক্সের ভেতরে ঢুকতে থাকা মাতা প্রথম স্পর্শেই বল জড়িয়ে দেন জালে।
পিছিয়ে পড়ে ওয়েঙ্গারও যেন নিজের তুণের একেকটা তির ছুড়তে শুরু করেন। নামাতে শুরু করেন বিকল্প খেলোয়াড়দের। এঁদের যুগলবন্দীতেই এল কাঙ্খিত গোল। চেম্বারলেইনের ক্রস, জিরুর হেড।
যা হয়ে থাকল মরিনহোর দুঃস্বপ্ন।