
সাম্প্রতিক সময়ে দুই আবাহনীর লড়াই মানেই ভিন্ন স্বাদ। সেই স্বাদটা এবারও পাওয়া গেল। আর তাই ম্যাচের পর দর্শক, কর্মকর্তা সবার মুখেই তৃপ্তির ছায়া। এই ম্যাচটার দিকে তাকিয়ে ছিলেন আয়োজকেরাও। স্থানীয় আবাহনীর সঙ্গে ঢাকা আবাহনীর ম্যাচটি জমবে বলেই অনুমান করছিলেন সবাই। দর্শক সমাগমও বেশি হওয়ার আশা করা হচ্ছিল। সেই আশার সঙ্গে সামঞ্জস্য রেখেই যেন লেখা হয়েছিল দুই আবাহনীর ম্যাচের চিত্রনাট্য।
এগিয়ে থেকেও স্কোরলাইন ১-১ হওয়ায় হয়তো একটু অখুশি জর্জ কোটান। তবে খেলার মান উঁচু স্তরের হওয়ায় বেশ খুশিই ঢাকা আবাহনীর অস্ট্রিয়ান কোচ। একবাক্যে বললেন, ‘বাকি ম্যাচগুলোর চেয়ে এটি আলাদা সব দিক থেকেই। প্রতিদ্বন্দ্বিতা, খেলার মান সবই উঁচু স্তরের।’
ভুল বলেননি আবাহনীর অস্ট্রিয়ান কোচ। এ ম্যাচ থেকে আসলে চোখটা সেভাবে সরানোই যায়নি। দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। ফলে ম্যাচে গতি ছিল অনেক। কিন্তু সেই অনুযায়ী গোল এল না, এটাই যা হতাশার। কোটানের চোখে, ‘অন্তত ছয়টি গোল হতে পারত। দুই দলই তিনটি করে।’ ৩৫ মিনিটে মামুন মিয়ার ক্রস চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল রানা ফিস্ট করলে ফিরতি বল হেডে জালে জড়িয়ে সানডে এগিয়ে নেন ঢাকা আবাহনীকে। ‘বড় আবাহনী’ গোল পেতে পারত আরও। কিন্তু ফরোয়ার্ডরা পারলেন না।
প্রথমার্ধ যদি আবাহনীর হয়, দ্বিতীয়ার্ধ চট্টগ্রাম আবাহনীর। দুই উইঙ্গার বারবার ক্রস তুলেছেন বড় আবাহনীর বক্সে। গত ২২ অক্টোবর শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে জাহিদের একমাত্র গোলেই এমএ আজিজ স্টেডিয়ামে ঢাকা আবাহনীকে হারের স্বাদ দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। সেই জাহিদ কাল প্রথমার্ধে নিজের ছায়া হয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ছিলেন চনমনে। অধিনায়ক মামুনুল ইসলাম মাঝমাঠ থেকে আক্রমণ গড়তে ভূমিকা রাখলেও সেরাটা দিতে পারেননি। লিওনেল অবশ্য তৎপর ছিলেন প্রতিপক্ষের গোলমুখে।
তবু গোল আসছি না দেখে চট্টগ্রাম আবাহনীর কোচ যোসেফ পাভলিক মাঠে নামিয়ে দেন দুই তরুণ রুবেল ও ইব্রাহিমকে। এই দুটি পরিবর্তন কাজে এসেছে। স্বাধীনতা কাপের ফাইনালে দারুণ গোল করে চট্টগ্রাম আবাহনীকে শিরোপা জেতানো সেই রুবেলই দলকে এনে দিলেন মূল্যবান গোল। ৭৭ মিনিটে মামুনুলের কর্নারে আবাহনীর গোলরক্ষক সোহেল বল ফিস্ট করেন, ফিরতি বলটা পেয়ে গোল করতে ভুল করেননি রুবেল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত চট্টগ্রাম আবাহনীর কোচ, ‘খুব ভালো একটা ম্যাচ খেলেছি আমরা। আমি খুশি।’ হারের চেয়ে একটা পয়েন্ট পাওয়া তো খুশির ব্যাপারই।