ড্র হয়ে গেল ফেডারেশন কাপের
টেবিলে রাখা কাচের পাত্র থেকে একটি একটি করে প্লাস্টিকের বল তুলছেন ফুটবল ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। বলের ভেতরে রাখা ক্লাবগুলোর নাম মেলে ধরছেন সবার সামনে। ‘সি’ গ্রুপে সবার আগে মোহামেডানের নাম ওঠার পর কৌতূহল ছিল, চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীও একই গ্রুপে পড়ে কি না। আবাহনী পড়ল ‘এ’ গ্রুপে!
১৩ মে প্রিমিয়ার লিগের ১২টি দল নিয়ে শুরু হচ্ছে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ। কাল বাফুফে ভবনে হয়ে গেল এই টুর্নামেন্টের ড্র। তবে ড্র অনুষ্ঠান ছাপিয়েও বড় হয়ে উঠল টুর্নামেন্টে অংশ নেওয়া সাত ক্লাবের বাফুফেকে দেওয়া একটি চিঠির প্রসঙ্গ। গত মৌসুমে বিভিন্ন টুর্নামেন্ট ও লিগের বকেয়া টাকার দাবি জানিয়ে বাফুফেকে চিঠি দেওয়ার কথা ভাবছে মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, আরামবাগ, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ও সাইফ স্পোর্টিং।
বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী অবশ্য এটাকে খুব বড় কোনো সমস্যা মনে করছেন না, ‘ক্লাবের সঙ্গে আমাদের লেনদেন সব সময় ছিল। এখনো আছে। এটা চলমান প্রক্রিয়া। কাজেই আমার মনে হয় না, এসব নিয়ে কোনো সমস্যা হবে। আশা করি, সব ক্লাব সময়মতো টুর্নামেন্টে অংশ নেবে।’
ফেডারেশন কাপ চলাকালীন মালদ্বীপে এএফসি কাপের ম্যাচ খেলতে যাবে আবাহনী। ১৭ মে মালেতে মাজিয়ার সঙ্গে খেলবে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর ৩১ মে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী তাদের শেষ হোম ম্যাচ মোহনবাগানের সঙ্গে। আবাহনীর এই ম্যাচগুলোর সঙ্গে সমন্বয় রেখেই সূচি করা হয়েছে। ফাইনাল হবে ৪ জুন।
চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা, রানার্সআপ ৩ লাখ। এ ছাড়া প্রতিটি দল অংশগ্রহণ বাবদ পাবে ১ লাখ করে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন।