ড্রতেই সান্ত্বনা খুঁজে ফেরা
গত ডিসেম্বরে ভারতে সাফে খেলতে যাওয়ার আগে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। সেই নেপালকেই কাল হাতের মুঠোয় পেয়েও হারানো গেল না। ম্যাচ থাকল গোলশূন্য ড্র। সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ মারুফুল হকের কণ্ঠে ঝরল হতাশা। এভাবে ফরোয়ার্ডরা গোলের সুযোগ নষ্টের মহড়ায় নামবেন তা ভাবতেই পারেননি তিনি, ‘অনেক সুযোগ নষ্ট হয়েছে। এভাবে সুযোগ নষ্ট করা মোটেও ঠিক হয়নি। এ ধরনের ম্যাচে এমন সুযোগ নষ্ট হলে দলকে ভুগতে হয়। তবে সান্ত্বনা এটাই যে অন্তত ১টি পয়েন্ট পাওয়া গেছে।’
তাহলে কি এই ফরোয়ার্ডদের কাছে আরও ভালো কিছু আশা করা যাবে না? মারুফুলের স্পষ্ট জবাব, ‘আমাদের ফরোয়ার্ডদের মানই এমন। ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছি প্রতিদিনই। তারপরও যদি না পারে ওরা তাহলে বলতে হবে এটাই আমাদের প্রকৃত মান।’
প্রথম ম্যাচে জয়ের পর টানা দুটি ড্র। তবে খেলোয়াড়দের পারফরম্যান্সে তিনি আশাবাদী, ‘ফুটবলারদের পারফরম্যান্স দিন দিন ভালো হচ্ছে। শুধু গোল পাচ্ছি না, এটাই সমস্যা।’
গোলরক্ষককে একা পেয়েও একাধিক গোলের সুযোগ নষ্ট করেছেন রনি। এই স্ট্রাইকারের এমন শিশুসুলভ ভুল মানতে পারছেন না কোচ, ‘আমাদের যে ৬-৭টি সুযোগ নষ্ট হয়েছে সেগুলোর অন্তত একটা গোল হওয়া উচিত ছিল। আসলে স্ট্রাইকাররা ঠান্ডা মাথায় গোল দিতে পারে না। রনি যে অবস্থায় গোলের সুযোগ হাতছাড়া করেছে সেখানে ভুটানের ফরোয়ার্ডরা থাকলেও গোল করত।’
ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মোনায়েম খান রাজু। কিন্তু এই পুরস্কার পেয়েও যে আনন্দ নেই বাংলাদেশ দলের এই মিডফিল্ডারের, ‘এই দলের সঙ্গে আমাদের জেতা উচিত ছিল। কিন্তু জিততে পারলাম না। পুরস্কার জিতেও তাই খুশি হতে পারছি না। দল জিতলেই খুশি হতাম।’
তবে বাংলাদেশের সঙ্গে ড্র করেই সন্তুষ্ট নেপালের কোচ বালগোপাল মহাজন, ‘ছেলেদের খেলায় আমি খুশি। গত ডিসেম্বরে এই মাঠে হেরেছিলাম। আজ জিতলেই বেশি খুশি হতাম।’