
মাত্র তিনটি ম্যাচের পর চূড়ান্ত সিদ্ধান্তে আপনি পৌঁছে যেতে পারেন না। বিশ্বকাপ বাছাইয়ের মাত্র ছয় ভাগের এক ভাগ শেষ হয়েছে, নাটকের প্রথম অঙ্কটাই শুধু শেষ হয়েছে। তবে মাত্র ২ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে নয়ে থাকা আর্জেন্টিনাকে বড্ড মলিন দেখাচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে ব্রাজিলই একটু নির্ভার মনে বুয়েনস এইরেস ছাড়তে পেরেছে।
জেরার্ডো মার্টিনোর ওপর এখন পাহাড়সমান চাপ। কেউ ইতিহাসটা মনে করিয়ে দিলে কপালে চিন্তার ভাঁজটা আর্জেন্টিনার কোচের আরও বাড়বেই। ১৯৭০ সালের পর প্রতিটি বিশ্বকাপেই খেলেছে আর্জেন্টিনা, এত বাজে শুরু কখনো হয়নি। এমনকি ১৯৭০ বিশ্বকাপে যখন বাছাইপর্ব উতরাতে পারেনি, সেবারও প্রথম তিন ম্যাচের একটিতে জয় পেয়েছিল।
মার্টিনো যদি একটু মুষড়েও পড়েন, তাঁকে খুব একটা দোষ দেওয়া যাবে না। নিজেদের মাঠে নাটাইটা অনেকটা সময় স্বাগতিকদের হাতেই ছিল, এজেকিয়েল লাভেজ্জির ৩৪ মিনিটের গোলে এগিয়েও গিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে একটু খেই হারিয়ে ফেলায় ব্রাজিল সুযোগটা কাজে লাগিয়েছে দারুণভাবে। লুকাস লিমার ৫৯ মিনিটের গোলে সমতা ফিরিয়েছে ব্রাজিল, শেষ পর্যন্ত স্কোরলাইন ওই ১-১-ই থেকে গেছে।
কিন্তু বুয়েনস এইরেসের দর্শকদের আফসোস বাড়িয়ে দেওয়ার ঘটনা বেশ কয়েকবারই ছিল। চার মিনিটের সময় অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্রসে যদি কেউ পা ছোঁয়াতে পারতেন! ৪৮ মিনিটে এভার বানেগার শটটা যদি পোস্টে লেগে না ফিরত! মার্টিনোর কাছে এসবের কোনো সান্ত্বনা নেই, ‘আমরা ইতিবাচক ছিলাম, কিন্তু পয়েন্টের দিক দিয়ে ইতিবাচক কিছু আমাদের জন্য নেই। ওরা আজ বেশি কার্যকর ছিল, আমরা ছিলাম না।’ হাভিয়ের মাচেরানোও অজুহাত খোঁজার চেষ্টা করলেন না, ‘আমি কোনো অজুহাত দিতে চাই না। আমরা নিজেদের বিলিয়েই দিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে ওরা বিচ্ছিন্ন একটা আক্রমণ থেকেই গোল দিয়ে দিয়েছে।’ কলম্বিয়ার মাঠে পরের ম্যাচে জয়টা এখন খুব করেই দরকার আর্জেন্টিনার। মার্টিনোও মানলেন, ‘আমাদের কলম্বিয়ায় গিয়ে জিততে হবে।’
দুঙ্গাও ১ পয়েন্টের জন্য কিছুটা কৃতিত্ব দাবি করতে পারেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামিয়েছিলেন ডগলাস কস্তাকে। সমতাসূচক গোলটির উৎস ফর্মের তুঙ্গে থাকা এই বায়ার্ন উইঙ্গারই। তাঁর হেডটাই ক্রসবারে লেগে ফিরে আসার পর সেটি জালে জড়িয়ে দিয়েছেন লিমা। দুঙ্গাকে তাই ছুঁয়ে যাচ্ছে স্বস্তি, ‘আমরা টেকনিক্যালি ওদের চেয়ে ভালো খেলিনি, কিন্তু প্রতিজ্ঞা আর লড়াইয়ে আমরা এগিয়ে ছিলাম।’ নিজেদের মাঠে আর্জেন্টিনার স্নায়ুচাপে পেয়ে বসাটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ব্রাজিল কোচ, ‘আপনারা খেয়াল করেছেন কি না জানি না, তবে মাঠটা আর্জেন্টিনার মনে হয়নি। ওদের সমর্থকেরা খুবই উদ্বিগ্ন ও নিশ্চুপ ছিল। আমরা প্রথমার্ধে সেটির সুবিধা নিতে পারিনি।’
অথচ চার ম্যাচ পর দলে ফিরে নেইমারকে খুব একটা খুঁজেও পাওয়া যায়নি। আর্জেন্টিনার রক্ষণ তাদের কাজটা করেছে ভালোমতোই। কিন্তু ফুটবলে ফলটাই দিন শেষে আসল। দুঙ্গার কথাটা তাই মার্টিনোর হতাশা আরও বাড়িয়ে দিতে পারে, ‘আর্জেন্টিনার মাঠে গিয়ে এক পয়েন্ট পাওয়াটা ভালো ফলই বলতে হবে।’ এএফপি, রয়টার্স।