ড্রয়ের পরও অস্বস্তিতে লেস্টার
যোগ করা সময়ের পঞ্চম মিনিট চলছে। পেনাল্টি পেয়েছে লেস্টার সিটি। ঘরের মাঠে ওয়েস্ট হামের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে থাকা দলটির হয়ে পেনাল্টি নিতে এলেন লিওনার্দো উজোয়া। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়েও দিলেন, লেস্টার ম্যাচটা ড্র করল ২-২ গোলে।
লেস্টারের ত্রাতা, কিন্তু ম্যাচের আলোচিত চরিত্র উজোয়া নন। দ্বিতীয়ার্ধে দুই দলকে দুটি পেনাল্টি দিয়ে ও এক লাল কার্ড দেখিয়ে সেই ‘গৌরব’ ম্যাচের রেফারি জোনাথন মসের দখলে।
জেমি ভার্ডিও আছেন আলোচনায়। ১৮ মিনিটে গোল করে লেস্টারকে এগিয়ে দিয়েছিলেন ইংলিশ স্ট্রাইকার। প্রথমার্ধ শেষে ব্যবধানও ছিল ১-০। প্রিমিয়ার লিগে এর আগে ৭ ম্যাচের ৫টিতে ১-০ ব্যবধানে জয়, প্রথমার্ধ শেষে হয়তো আরেকটি জয়ই ধরে নিয়েছিল লেস্টার।
কিন্তু সব ধারণা পাল্টে গেল দ্বিতীয়ার্ধে। পাল্টে দিলেন রেফারি। ৫৬ মিনিটে পেনাল্টির আবেদন করা ভার্ডিকে ‘ডাইভিং’য়ের অপরাধে হলুদ কার্ড দেখালেন। প্রথমার্ধেও একটি হলুদ কার্ড দেখেছিলেন লেস্টার স্ট্রাইকার। দুই হলুদ মিলে লাল কার্ড হয়ে গেল, ডেভিড লোয়ের পর লেস্টারের ইতিহাসে ভার্ডি মাত্র দ্বিতীয় খেলোয়াড় যিনি গোল করার পর দেখলেন লাল কার্ড।
৮৫ মিনিটে আবারও দৃশ্যপটে রেফারি। এবারও দুর্ভাগ্য লেস্টারের। কিছুটা বিতর্কিতভাবে পেনাল্টি দিলেন ওয়েস্ট হামের পক্ষে, ম্যাচে সমতা ফেরাল অ্যান্ডি ক্যারলের পেনাল্টি গোল। এই ধাক্কা কাটিয়ে উঠতে না-উঠতেই আবার বল লেস্টারের জালে! বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ওয়েস্ট হামের অ্যারন ক্রেসওয়েল। তবে যোগ করা সময়ে উজোয়ার পেনাল্টিই ১ পয়েন্ট এনে দিয়েছে লেস্টারকে।
তবে এই একটি পয়েন্ট লেস্টারের অবিশ্বাস্য অর্জনের পথে পর্যাপ্ত না-ও হতে পারে। লিগে ৪ ম্যাচ বাকি লেস্টারের। এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয় স্থানে থাকা টটেনহামের চেয়ে এগিয়েও আছে ৮ পয়েন্টে। কিন্তু ওই ৪ ম্যাচের তিনটি ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও এভারটনের সঙ্গে। শেষবেলায় এসে পথ হারাবে না তো লেস্টার! সূত্র: ইএসপিএন।