ড্রয়ের বৃত্তে শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই ছন্দ হারিয়ে ধুঁকছে শেখ জামাল ধানমন্ডি। ব্রাদার্সের পর মোহামেডানও কাল চ্যাম্পিয়নদের রুখে কেড়ে নিয়েছে মূল্যবান একটা পয়েন্ট (১-১)।
তবু ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরেই শেখ জামাল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া মোহামেডান তিনে। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মুক্তিযোদ্ধা। শেখ জামালের পরের ম্যাচটা মুক্তিযোদ্ধার সঙ্গেই। এক ম্যাচ কম খেলে আবাহনীর ১৩।
যেভাবে লিগটা শুরু করেছিল শেখ জামাল, হঠাৎ ছন্দপতন কেন? হতাশ কোচ মারুফুল হকের কাছে উত্তরটা জানাই ‘পরিকল্পনা অনুযায়ী খেলতে পারছে না দল। অতিরিক্ত গরমেও হয়তো স্বাভাবিক খেলাটা নষ্ট হয়ে যেতে পারে। এ জন্যই ছেলেরা আজ (কাল) মাঠে মনোযোগ হারিয়ে ফেলছে।’
টানা ৬ ম্যাচ জিতে জয়ের রাস্তা থেকে ছিটকে পড়ার একটা কারণ, মাঝমাঠের অভিজ্ঞ সেনানী মামুনুল ইসলাম চোটের কারণে আগের ম্যাচ খেলতে পারেননি। কাল মাঠে ছিলেন মাত্র ১৬ মিনিট। তবে তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট গুরুতর নয়। মামুনুলের অভাব তো ছিলই, শেখ জামালের মূল অস্ত্র বিদেশিরাও নিষ্প্রভ হয়ে পড়েছেন।
সবাইকে ছাপিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উজ্জ্বল মোহামেডান মিডফিল্ডার জুয়েল রানা। ৫২ মিনিটে প্রতি-আক্রমণ থেকে দেখার মতো গোল করলেন তিনি। প্রায় মাঝমাঠ থেকে একাই বল নিয়ে বাঁ পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ। গোল করে যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না ঝিনাইদহের তরুণ। কয়েক সেকেন্ড পরে জালে বল দেখেই সতীর্থদের সঙ্গে উদ্যাপন করলেন গোল।
৫ মিনিট পরই অবশ্য ১-১। সোহেল রানার শট প্রথম চেষ্টায় ধরতে পারেননি মোহামেডান গোলরক্ষক আশরাফুল। সামনে দাঁড়ানো হাইতির ফরোয়ার্ড লিওনেল সেন্ট প্রুয়েক্স ফিরতি শটে করলেন ১-১। ফেডারেশন কাপে খেলা এই হাইতিয়ান ৯ ম্যাচ পর সুযোগ পেলেন কাল। টানা খেলে ক্লান্ত এমেকা ডার্লিংটনকে এ ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন কোচ। তাঁর না থাকাও প্রভাব ফেলেছে শেখ জামালের খেলায়। আক্রমণে দলটির আরেক অস্ত্র ওয়েডসন মাঠে থাকলেও চেনা যায়নি।
দিনটা আসলে জুয়েল রানার। দুই দলের কোচই প্রশংসায় ভাসালেন তাঁকে। জোসি বললেন, ‘দুই পাশেই সমানভাবে কার্যকর এমন উইঙ্গার আগে দেখিনি। আশির দশকের কথাই মনে করাল সে।’ এমন গোল করে জাতীয় দলের ক্যাম্পে আবারও ডাক পাওয়ার স্বপ্ন দেখছেন জুয়েল, ‘আশা করি সামনে জাতীয় দলে সুযোগ পাব।’

রহমতগঞ্জের জয়
প্রিমিয়ার লিগে প্রথম ৭ ম্যাচেই জয়শূন্য বিজেএমসি। কাল তাদের ১-০ গোলে হারাল রহমতগঞ্জ। ৩৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিজেএমসির রেদওয়ান। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে কর্নার থেকে হেডে রহমতগঞ্জের আরাফাত করলেন ম্যাচের একমাত্র গোল। ৭ ম্যাচে দুই জয়ে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রহমতগঞ্জ। বিজেএমসির পয়েন্ট মাত্র ১।

আজকের খেলা
শেখ রাসেল-ফরাশগঞ্জ ও ফেনী সকার-চট্ট. আবাহনী
(বিকেল ৪-১৫ ও সন্ধ্যা ৬-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)