ড্রেক্সলারের পা তবু মাটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভলফ্সবুর্গেরই অনেকে এমনটা ভাবতে পারেননি। নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে জার্মান ক্লাবটি চমকে দিয়েছে সবাইকে। এই জয়ে সবচেয়ে উজ্জ্বল যিনি ছিলেন, সেই জুলিয়ান ড্রেক্সলার সতীর্থদের পা মাটিতে রাখার জন্যই বলছেন।
সম্প্রতি একটা জল্পনা ছড়িয়ে পড়েছে যে পরের মৌসুমে ড্রেক্সলারের ঠিকানা হতে যাচ্ছে রিয়াল। পরশু সেই রিয়ালের বিপক্ষে এমন একটা পারফরম্যান্সের পর গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে ড্রেক্সলার সেটা নিয়ে কথা বলেননি। বরং পরের লেগের জন্য এখনই সতর্ক করে দিচ্ছেন সতীর্থদের, ‘এক পা সেমিফাইনালে দিয়ে ফেলেছি, এই বিশ্বাস করার বোকামি আমরা করতে পারি না।’
এমন একটা জয়ের পর ‘অলৌকিক’ শব্দটাও চলে আসছে। তবে জার্মান উইঙ্গারের এটা নিয়ে মৃদু আপত্তি আছে, ‘সবাই আপনারা ভলফ্সবুর্গের অলৌকিক কাণ্ড নিয়ে কথা বলছেন। বাইরে থেকে হয়তো এ রকম মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা আসলে অন্য রকম। আমরা ভালো খেলেই সেটার পুরস্কার পেয়েছি।’ গোলডটকম।