ড্রেসিংরুম গড়ে দেবে ভাগ্য?
একদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে আক্রমণ, অন্যদিকে জিয়ানলুইজি বুফনকে নির্ভরতা দেওয়া রক্ষণ। এদিকে রামোস-মার্সেলো তো ওদিকে দিবালা-হিগুয়েইন। এমনই সেয়ানে সেয়ানে লড়াই আজ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে, বিশেষজ্ঞরাও রীতিমতো গলদঘর্ম জুভেন্টাস না রিয়াল মাদ্রিদ কে জিতবে, সেটির ভবিষ্যদ্বাণী করতে গিয়ে। এমন ম্যাচগুলোতে যে বেশির ভাগ সময়ই পার্থক্য গড়ে দেয় ছোটখাটো কিছু ব্যাপার, আর ভাগ্য!
আর ভাগ্যই যদি হয় অনুঘটক, সে ক্ষেত্রে কে জানে, হয়তো রিয়াল মাদ্রিদই হাসবে শেষ হাসি। কেন? জিনেদিন জিদানের দল যে পেয়েছে স্টেডিয়ামের ‘ভাগ্যবান’ অংশটা!
রহস্যটা ব্যাখ্যা করা যাক। ইংলিশ ফুটবলের ‘তীর্থস্থান’ ওয়েম্বলি স্টেডিয়ামে যখন নতুন করে নির্মাণ করা হচ্ছিল, তখন বড় টুর্নামেন্টের ফাইনালগুলোর জন্য কার্ডিফের এই স্টেডিয়ামটিই ব্যবহার করা হতো (তখন স্টেডিয়ামটির নাম ছিল মিলেনিয়াম স্টেডিয়াম)। এই ভেন্যুতে প্রথম ১১টি ফাইনালেই যে দল স্টেডিয়ামের উত্তর দিকের ড্রেসিংরুম ব্যবহার করেছে (স্বাগতিক দলের জন্য এই ড্রেসিংরুম নির্ধারিত থাকত), তারাই জিতেছে।
অবস্থা এমনই ছিল, ‘অ্যাওয়ে’ ড্রেসিংরুমের রহস্য ব্যাখ্যা করতে ডেকে আনা হয়েছিল চীনের ফেং শুই বিজ্ঞানীদেরও। যদিও স্টেডিয়াম কর্তৃপক্ষ বারবারই দাবি করত যে, দুই দিকের ড্রেসিংরুমের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা শুধুই একটি ‘পরিসংখ্যানগত অস্বাভাবিকতা’। মজার ব্যাপার, ‘অশুভ ব্যাপারকে হারানোর জন্য’ ওয়েলশ শিল্পী অ্যান্ড্রু ভিকারি পরে দক্ষিণ পাশের ড্রেসিংরুমের দেয়ালে একটি ড্রাগনের ম্যুরাল আঁকেন। এরপরই পরিস্থিতি কিছুটা বদলায়।
আজ রিয়ালের ড্রেসিংরুম থাকবে কার্ডিফ স্টেডিয়ামের উত্তর দিকেই। লস ব্লাঙ্কোদের সমর্থকেরাও ওই পাশেই বসবেন। অবশ্য এখানেও একটু রহস্য আছে, উত্তর দিকের ড্রেসিংরুমে বসলেও রিয়াল এই ম্যাচে ‘হোম’ দল নয়। সেটি জুভেন্টাস, কিন্তু তবু মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল বসবে দক্ষিণ দিকের ড্রেসিংরুমে! ওয়েলস অনলাইন।