ড্রয়ে শুরু আবাহনীর

বৃষ্টির মধ্যে কাকভেজা হয়ে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা দেখলেন শ খানেক দর্শক। আবাহনী গ্যালারিতে দাঁড়ানো ওই দর্শকেরা একটু হতাশই হলেন। প্রিয় দল যে ভালো খেলতে পারেনি মৌসুমের প্রথম ম্যাচে। স্বাধীনতা কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে আবাহনী ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও ফেনী সকারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।
এই আবাহনীতে আছেন জাতীয় দলের ফুটবলার-ওয়ালী ফয়সাল, আরিফুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, আতিকুর রহমান ফাহাদ, ইমন মাহমদু, তপু বর্মণ, নাবিব নেওয়াজ জীবন। চোটের কারণে হেমন্ত ও জুয়েল রানা মাঠে নামেননি।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সাবেক ফুটবলার রিকেটস দলের সঙ্গে থাকলেও আজ তাঁকে একাদশে নেওয়া হয়নি। তাঁর ফিটনেস নিয়ে নাকি সমস্যা আছে। আরেক ইংলিশ লি টাক অবশ্য প্রথম ম্যাচ হিসেবে খারাপ খেলেননি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করে দিলেও গোল করতে পারেননি সানডে সিজোবা। আবাহনী এগিয়ে যায় ৪৫ মিনিটে সেনেগালের ফরোয়ার্ড কামারার গোলে। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন ফেনীর ফরোয়ার্ড চৌম্রিন রাখাইন (১-১)।
আগামীকাল শেখ জামাল মুখোমুখি হবে মোহামেডানের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।