ড্রয়ে শুরু আবাহনীর ফেডারেশন কাপ

ফেডারেশন কাপের শুরুটাই হলো যুদ্ধ যুদ্ধ একটা ভাব নিয়ে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের প্রতিপক্ষ ‘নতুন শক্তি’ সাইফ স্পোর্টিং ক্লাব। ইতিহাস-ঐতিহ্যে দুই দলের ব্যবধান আকাশ-পাতাল। কিন্তু গত মৌসুমে আবাহনীতে খেলা খেলোয়াড়েরা সাইফের শক্তি বলেই হয়তো ম্যাচে একটা চাপা উত্তেজনা থাকল। ১১ মিনিটে সাইফের তপু বর্মণ আর আবাহনীর মামুন মিয়া হাতাহাতি করে দেখলেন লালকার্ড। গত মৌসুমে দুজনেই ছিলেন আবাহনীতে পরস্পরের সতীর্থ। রেষারেষি দিয়ে শুরু ম্যাচটা অবশ্য ড্র হয়েছে ১-১ সমতায়।
আবাহনীই প্রথমে এগিয়ে গিয়েছিল। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে রায়হানের লম্বা থ্রো থেকে হেড করে দলকে এগিয়ে দেন এমেকা। এক গোলে এগিয়ে যখন জয় দিয়ে ফেডারেশন কাপ শুরুর স্বপ্ন দেখছে আবাহনী, ঠিক তখনই ‘শত্রু’ হয়ে উঠলেন গত মৌসুমে নীল-হলুদ জার্সিতে খেলা জুয়েল রানা। ৭০ মিনিটে তাঁর দুর্দান্ত এক ক্রসেই বলের গতি বদলে সাইফকে সমতায় ফেরান ইব্রাহিম।
প্রথমার্ধের শুরুর দিকে সাইফের কলম্বিয়ান ফরোয়ার্ড আর্লে বেলেনসিয়ার হেড লক্ষ্যে থাকলে বাজিমাত করতে পারত সাইফই। আবাহনীও গোল পেতে পারত। এমেকার ক্রস থেকে কিছুদিন আগেই এএফসি কাপে দারুণ গোল করে বেঙ্গালুরু এফসির বিপক্ষে আবাহনীকে জেতানো রুবেল মিয়ার হেড বাইরে দিয়ে চলে যায়।
ম্যাচটা জয় দিয়ে শুরু করতে না পেরে কিছুটা হতাশ আবাহনীর সার্বিয়ান কোচ দ্রাগো মামিচ। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে গোলের জন্য দলের রক্ষণের দায়ের কথাই বললেন, ‘আমরা আসলে সাইফকে গোল উপহার দিয়েছি।’
সাইফের ঘানাইয়ান কোচ কিম গ্র্যান্ট অবশ্য হতাশ নন। দলের পারফরম্যান্সে খুশিই তিনি, ‘মৌসুমের প্রথম ম্যাচ হিসেবে আমি খুশি।’
ব্রাদার্স-বিজেএমসি ম্যাচ ড্র
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের অন্য খেলায় ব্রাদার্স-বিজেএমসি ম্যাচটি ১-১ ড্র হয়েছে। ৪৮ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে নেন থিয়ো জুনাপিও। ৬৯ মিনিটে বিজেএমসিকে সমতায় ফেরান ইয়োকো সামনিক।