ড্রয়েও খুশি শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুম্মনের সঙ্গে সংঘর্ষে ভূপাতিত চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার রেজাউলের লিগই সম্ভবত শেষ (হলুদ জার্সি)। কাল ময়মনসিংহে l জগলুল পাশা
রুম্মনের সঙ্গে সংঘর্ষে ভূপাতিত চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার রেজাউলের লিগই সম্ভবত শেষ (হলুদ জার্সি)। কাল ময়মনসিংহে l জগলুল পাশা

ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন জাতীয় দলের দুই সতীর্থ মামুনুল ইসলাম ও শাখাওয়াত রনি। দুজনের মুখেই রাজ্যের হতাশা। পরশু অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় কাল মাঠেই নামা হয়নি চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মামুনুলের। শেখ রাসেলের স্ট্রাইকার রনি গত ম্যাচে করেছিলেন জোড়া গোল। কাল গোল না পাওয়ার বেদনা তাঁকে ছুঁয়ে গেল।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী কাল গোলশূন্য ড্র করেছে শেখ রাসেলের সঙ্গে। জয়টা বড্ড প্রয়োজন ছিল চট্টগ্রাম আবাহনীর। জিতলেই ঢাকা আবাহনীকে টপকে শীর্ষে উঠে যেতে পারত। কিন্তু ড্র করায় ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী রইল দুইয়েই। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দশে শেখ রাসেল।
চট্টগ্রামের দলটির জন্য দুঃসংবাদ, ডিফেন্ডার রেজাউল করিম রেজার সম্ভবত লিগ শেষ। শেখ রাসেলের ফরোয়ার্ড রুম্মনের সঙ্গে ধাক্কা লেগে তাঁর ডান পায়ের শিনবোন ভেঙে গেছে। রেজার অবস্থা এতটাই গুরুতর ছিল যে মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে সরাসরি তাঁকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আবাহনীর কোচ জুলফিকার মাহমুদের কণ্ঠে ঝরল হাহাকার, ‘দলে ওর অভাব পূরণ হওয়ার নয়। বাকি ম্যাচগুলোয় ওর জায়গায় কাকে খেলাব, তা নিয়েই দুশ্চিন্তায় আছি।’
চট্টগ্রাম আবাহনীর আক্রমণে ধার ছিল না বললেই চলে। মামুনুল ছাড়া মাঝমাঠ যে কার্যত অচল, সেটা আরেকবার প্রমাণিত হলো। কৌশলগত কারণে ভুটানের স্ট্রাইকার চেনচো গেলস্টেইনকে কোচ খেলাননি। তিন হলুদ কার্ডের খাঁড়ায় মাঠে নামতে পারেননি ডিফেন্ডার আরমান আজিজ। সোহেল রানা, ইব্রাহিম, জাহিদ ও লিওনেল প্রিউক্স চেষ্টা করেছেন বটে, কিন্তু গোল ‘সোনার হরিণ’ হয়েই রইল।
দুর্ভাগ্য চট্টগ্রাম আবাহনীর। ৩৩ মিনিটে ফরোয়ার্ড লিওনেল প্রিউক্সের শট গোললাইন সেভ করেন শেখ রাসেলের ডিফেন্ডার আহমেদ সাইদ হাসান। শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য জায়গা ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও বলে পা ছোঁয়াতে কয়েক সেকেন্ড সময় নিয়ে ফেলেন প্রিউক্স, ততক্ষণে পেছন থেকে দৌড়ে এসে পোস্ট আগলে দাঁড়ান সাইদ। এরপর ৪৩ মিনিটে ঘটে ওই দুর্ঘটনা। পা ভেঙে মাঠ ছাড়তে হয় রেজার।
অবশ্য ড্র করেও খুশি শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক, ‘আমরা মাঠে নেমেছিলাম জয়ের জন্যই। তবে ১ পয়েন্ট পেয়েও খুশি। ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে। সুযোগ পেয়েও প্রিউক্স নিশ্চিত গোলটি দিতে পারেনি। ভাগ্য ভালো, আমরা বোনাস উপহার পেয়েছি।’
আজকের খেলা: মোহামেডান-ফেনী সকার (বিকেল ৩টা, ময়মনসিংহ স্টেডিয়াম)