ড্রয়ের ফেরে চরকিপাক মরিনহোর

এত ড্র লইয়া কী করিব! হোসে মরিনহোর উপলব্ধি হয়তো এটাই। প্রিমিয়ার লিগে ড্রয়ের ফেরে চরকিপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমস্যা হলো, এই ছোঁয়াচে রোগ এখন ইউরোপা লিগেও পেয়ে বসেছে ইউনাইটেডকে। কাল ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে আন্ডারলেখটের মাঠে ১-১ ড্র করেছে মরিনহোর দল।
৩৫ মিনিটে দুরূহ কোণ থেকে করা হেনরিখ মাখিতারিয়ানের গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। ব্যবধান আরও বাড়িয়ে নিয়ে ম্যাচ শেষ করে ফেলা একাধিক সুযোগ পেয়েছিল তারা। কিন্তু কঠিন গোল করে এগিয়ে যাওয়া ইউনাইটেড সহজ গোলগুলোই করতে পারেনি। তারই খেসারত তারা দিল ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে। লিয়েন্ডার ডেনডনকারের জোরালো হেডে সমতা ফেরাল স্বাগতিকেরা।
ম্যাচে প্রায় একতরফা খেলেও এমন ড্র মেনে নেওয়া ইউনাইটেডের জন্য কঠিন। সব মিলে ১৬টি শট নিয়েছে তারা, যার সাতটি লক্ষ্যে। এর থেকে মাত্র একটি গোল। অন্যদিকে পুরো ম্যাচে আন্ডারলেখট গোলমুখে একটাই শট নিয়েছে, তাতেই গোল!
লিগেও এমন ম্যাচ মরিনহো দেখেছেন, যেখানে দল এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ড্র করেছে। অবশ্য শেষ মুহূর্তের গোলে ইউনাইটেড বেঁচেও গেছে কয়েকবার। নিজেরা গোল করে সমতা ফেরানোর মরিনহোর আপত্তি নেই। কিন্তু প্রতিপক্ষ গোল করে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিলে তিনি মানবেন কেন! কাল ম্যাচ শেষে যদিও প্রথমে বললেন, ‘এটা ইতিবাচক ফল’, তবে হতাশাটা কিছুতেই লুকোতে পারেননি।
লিগে ৩০ ম্যাচের ১২টিতেই ড্র করা নিয়ে কদিন আগে নিজের ক্ষোভ মিশ্রিত হতাশা প্রকাশ করেছিলেন এই পর্তুগিজ। এই ১২ ড্র আবার এসেছে সর্বশেষ ২৪ ম্যাচে। ৫০ শতাংশ ম্যাচে ড্র করছে ইউনাইটেড! কালকের ড্র হয়তো সবচেয়ে বেশি হতাশার। এমন একটা ম্যাচ থেকেও জয় নিয়ে ফিরতে পারল না ইউনাইটেড! এখনো অবশ্য ফিরতি লেগ আছে, সেটিও নিজেদের মাঠে। কিন্তু মরিনহো মনে করেন, ম্যাচ এই লেগেই শেষ হয়ে যেতে পারত, ‘ফলটা আরও অনেক ভালো হওয়া উচিত ছিল। তা যে হলো না এর জন্য আমরা কেবলই আমাদেরই দোষ দিতে পারি।’ সূত্র:এএফপি।