ড্রয়ের বৃত্ত ভাঙল রিয়াল

দমকা হাওয়া সাধারণত ঝড়ের একটা পূর্বাভাস নিয়ে আসে। কিন্তু কালকের রিয়াল মাদ্রিদ প্রথম ৪৫ মিনিটেই করল ৪ গোল, ম্যাচের আগে এমনটা অনুমান করা দুঃসাধ্যই ছিল। পরপর চার ম্যাচে ড্র করার পর বেটিসকে শেষ পর্যন্ত ৬-১ গোলে উড়িয়ে দেবে রিয়াল, জিনেদিন জিদানও হয়তো ভাবতে পারেননি।
অবশ্য আগের দুই ম্যাচে যা হয়েছে, তা থেকে একটু অনুমান করা যেতেই পারত। দেপোর্তিভোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা, গ্রানাডাকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো। রিয়ালের অন্তত ৪-৫ গোল না দিলে তো মানায় না! কে জানে, বার্সেলোনা-অ্যাটলেটিকোর ম্যাচই হয়তো অনুপ্রাণিত করেছে রিয়ালকে!
জিদান অবশ্য এসব নিয়ে মাথা ঘামাতে চাইবেন না। আপাতত ড্রয়ের বৃত্ত থেকে বেরোতে পেরেই খুশি থাকবেন রিয়ালের কোচ। আন্তর্জাতিক বিরতি অনেক সময় ক্লাবগুলোর জন্য ছন্দপতনের কারণ হয়। কিন্তু এই বিরতিটা রিয়ালের জন্য দেখা যাচ্ছে আশীর্বাদ হয়েই এসেছে। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচটা শেষ করে ফেলেছে রিয়াল। ম্যাচ শেষে জিদানের সরল স্বীকারোক্তি, ‘চার ম্যাচ পর এ রকম একটা ম্যাচ আমাদের দরকার ছিল। জয়ের জন্য যে তাড়নাটা আমাদের ছিল, সেটা আমরা দেখাতে পেরেছি।’ এই বেটিসের মাঠে গিয়েই গত বছর ড্র করে এসেছিল রিয়াল। জিদান তাই মনে করিয়ে দিলেন, প্রতিপক্ষ মোটেই সহজ ছিল না, ‘লিগে ছোট দল বলতে কিছুই নেই। এখানে খেলাটা বেশ কঠিন। তবে আমাদের শুরুটা ভালো হয়েছে। এ রকম হলে প্রতিপক্ষের কিছু করা মুশকিল।’
অথচ এই ম্যাচে রামোস, কাসেমিরো, হামেস, মডরিচরা কেউই ছিলেন না। কিন্তু চার মিনিটেই রিয়ালকে এগিয়ে দিয়েছেন রাফায়েল ভারান। জিদানের চোখে এই গোলটাই ছিল গুরুত্বপূর্ণ, ‘আমরা যেভাবে শুরু করেছি, তাতেই বাকি কাজটা সহজ হয়ে গেছে।’ এরপর করিম বেনজেমা ও মার্সেলোর গোল রিয়ালের জয়টা প্রায় নিশ্চিত করে দিয়েছে। তবে রিয়ালের চতুর্থ গোলটাই এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি বলে মানবেন জিদান। প্রতিপক্ষের কর্নার থেকে প্রতি আক্রমণে করা গোলের আদর্শ একটা উদাহরণ হতে পারে ইসকোর ওই গোল। পরে ইসকো আরও একটি গোল পেয়েছেন, তার আগে রোনালদোও পেয়েছেন ম্যাচে নিজের একমাত্র গোল।
জিদান যেমন দলের এমন ফেরায় খুশি, দেপোর্তিভোর সঙ্গে বার্সার পারফরম্যান্স তৃপ্তি দিচ্ছে কোচ লুইস এনরিকেকেও, ‘এটা ছিল পূর্ণাঙ্গ একটা পারফরম্যান্স। আমরা লিওকে (মেসি) ফিরে পেয়েছি, সে ফর্মে ফিরতে একদমই সময় নেয়নি।’ অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের তৃপ্তিটা আরও বেশি হতে পারে। পিছিয়ে পড়েও যে অ্যাটলেটিকো ৭ গোল দিয়েছে! সিমিওনে তাই বলছেন, ‘দল যেভাবে ঘুরে দাঁড়াল সেটা আসলেই দুর্দান্ত।’ এএফপি।