সানডে দেখল রহমতগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঝবৃত্ত থেকে সানডে সিজোবার লম্বা শট। রহমতগঞ্জ গোলরক্ষককে অবাক করে দিয়ে বল জড়িয়ে গেল জালে। আরেকটি দুর্দান্ত গোলে এগিয়ে দিয়েছিলেন দলকে। নাইজেরিয়ান স্ট্রাইকারই তো হবেন আবাহনীর উদ্‌যাপনের মধ্যমণি! কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l হাসান রাজা
মাঝবৃত্ত থেকে সানডে সিজোবার লম্বা শট। রহমতগঞ্জ গোলরক্ষককে অবাক করে দিয়ে বল জড়িয়ে গেল জালে। আরেকটি দুর্দান্ত গোলে এগিয়ে দিয়েছিলেন দলকে। নাইজেরিয়ান স্ট্রাইকারই তো হবেন আবাহনীর উদ্‌যাপনের মধ্যমণি! কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l হাসান রাজা

সানডে সিজোবা জ্বলে উঠলে আবাহনীকে আটকানো কঠিন। কিন্তু মুশকিল হচ্ছে তাঁর ধারাবাহিকতা নেই। এক ম্যাচে দারুণ খেলেন তো পরের ম্যাচেই সাদামাটা। তবে যেদিন ভালো খেলবেন, আবাহনীর জয় পেতে তেমন সমস্যাই হয় না। সেটা চলতি প্রিমিয়ার লিগের বিস্ময় রহমতগঞ্জ সামনে পড়লেই বা কী!

রহমতগঞ্জ হয়তো ভাবেনি সানডে কাল তাদের বিপক্ষে দু-দুটি গোল করে ম্যাচটাই কেড়ে নেবেন। কিন্তু নাইজেরিয়ান স্ট্রাইকার গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই নিজেকে চেনালেন। তিনিই আকাশে উড়তে থাকা রহমতগঞ্জকে নামালেন মাটিতে।

অবশ্য তা মাঠে বসে দেখা হয়নি জর্জ কোটানের। পরশু ফিফার একটা কোর্সে অংশ নিতে হংকং গেছেন আবাহনীর প্রধান কোচ। ফিরবেন ২৮ অক্টোবর। এই ফাঁকেই অমলেশ সেনের আবাহনী হারিয়ে দিয়েছে রহমতগঞ্জকে। ১১ ম্যাচে অপরাজিত থাকা দলটি কালই প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে। ১০ ম্যাচ পর্যন্ত লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রহমতগঞ্জ নেমে গেল তিনে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২২। আবাহনীর ২৩।

তবে ম্যাচের পরও হিসাবটা ছিল এমন, দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সকে হারাতে পারলে ২৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্বে শীর্ষ দল হবে চট্টগ্রাম আবাহনী। তাই জয় নিয়ে মাঠ ছেড়ে আবাহনী বারবারই খবর রাখছিল ব্রাদার্স-চট্টগ্রাম আবাহনী ম্যাচের ওপর। যদিও ওই ম্যাচের ফল যা-ই হোক, আবাহনী ছিল বেশ ফুরফুরে মেজাজেই। মুছে গেছে রহমতগঞ্জের সঙ্গে প্রথমার্ধে অন্তত চারটি গোল নষ্ট করার হতাশা। সানডে, লি টাকরা কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না জাল।

৪৮ মিনিটে জুয়েল রানার থ্রু ধরে সানডে বক্সে ঢুকে গড়ানো শটে এলেন দিলেন কাঙ্ক্ষিত গোল। দ্বিতীয় গোলটা পেতে অপেক্ষায় থাকতে হয়েছে যোগ করা আট মিনিটের পঞ্চম মিনিট পর্যন্ত। সেটিও মনে রাখার মতো এক গোল। আক্রমণাত্মক মেজাজে থাকা সানডে যখন দেখলেন রহমতগঞ্জের রক্ষণ অনেক ওপরে, গোলরক্ষক পারলে ‘লিবেরো’ হয়ে যান গোল শোধের চেষ্টায়, তখনই মাঠের মাঝবৃত্ত থেকে পোস্ট লক্ষ্য করে উঁচুতে ভাসিয়ে দিলেন বল। সেটি আটকাতে পড়িমরি করে রহমতগঞ্জ গোলরক্ষক পেছনে ছুটলেও বলের নাগাল পাননি। এমন গোল বেকহাম, জাবি আলোনসোদের মনে করিয়ে দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এমন দূরপাল্লার গোল করেছেন তাঁরা।

দর্শনীয় এই গোলে শেখ জামালের ওয়েডসনকে (৯ গোল) টপকে চলতি প্রিমিয়ার লিগের সবার ওপরে উঠে গেছেন সানডে (১০ গোল)।

সানডেময় ম্যাচের শেষ ক্ষণে একটু উত্তেজনা! বাগ্‌বিতণ্ডায় জড়ানোয় রেফারি জালাল উদ্দিন লাল কার্ড দেখালেন রহমতগঞ্জের শওকত রাসেল ও আবাহনীর গোলরক্ষক সোহেলকে। এই সোহেলই আস্থা নিয়ে খেলে রুখেছেন রহমতগঞ্জের আক্রমণ। নৈপুণ্য দেখিয়েছেন রহমতগঞ্জ গোলরক্ষক মাসুমও।

তবে এদিন রহমতগঞ্জের দাপট ছিল না আগের সব ম্যাচের মতো। বড় ম্যাচটাও তাই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছড়াতে পারেনি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে এটি রহমতগঞ্জের মাত্র তৃতীয় হার। আবাহনী নয়, রহমতগঞ্জের এই হারটা আসলে সানডের বুদ্ধির কাছেই!