ঢাকা না বিকেএসপি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবনে সোনালি রঙের ট্রফিটার দুই পাশে দাঁড়িয়ে কাল ছবি তুললেন ঢাকার অধিনায়ক রাকিবুল ইসলাম ও বিকেএসপির স্বপন কুমার। দুজনের জন্যই অভিজ্ঞতাটা নতুন। অনূর্ধ্ব-১৮ জাতীয় যুব ফুটবলের ফাইনাল জিতে আজ দিনটা স্মরণীয় করে রাখতে চান দুজনই।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেল চারটায় শুরু ফাইনালে মুখোমুখি বিকেএসপি ও ঢাকা জেলা। আঞ্চলিক পর্বে ঢাকা পাঁচটি ম্যাচই জিতেছে। চূড়ান্ত পর্বের প্রথম তিন ম্যাচের দুটিতে জয়, একমাত্র হার বিকেএসপির সঙ্গেই। ঢাকা সেমিফাইনালে হারিয়েছে চট্টগ্রামকে।
বিকেএসপি অবশ্য এখন পর্যন্ত অপরাজিত। আঞ্চলিক পর্বে পাঁচ ম্যাচেই জয়। চূড়ান্ত পর্বে তিন ম্যাচের দুটিতে জয়, একটি ড্র। সেমিফাইনালে সিলেটকে তারা হারিয়েছে টাইব্রেকারে।
আঞ্চলিক পর্বে বয়স লুকিয়ে খেলার কারণে নয়জন ফুটবলার বাদ পড়ায় বিকেএসপির তুলনায় ঢাকা একটু দুর্বল দল। তবে বিকেএসপিরও তিনজন বাদ পড়েছেন আঞ্চলিক পর্বে। ঢাকার কোচ আবুল হোসেন অবশ্য এই দল নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন, ‘ওরা বাদ পড়ায় জিদ তৈরি হয়েছে বাকি খেলোয়াড়ের মধ্যে। ওরা উৎসাহ পেয়েছে আরও।’
প্রতিযোগিতার মাঝপথে অধিনায়কত্ব পেয়েছেন রাকিবুল। দলকে চ্যাম্পিয়ন করতে চান এই ডিফেন্ডার, ‘প্রথম রাউন্ডে সজল ভাই অধিনায়ক ছিলেন। উনি বয়সের কারণে বাদ পড়ায় আমাকে অধিনায়ক করা হয়েছে। আমি ভালো কিছু করতে চাই। ইনশা আল্লাহ চ্যাম্পিয়ন হব।’
বিকেএসপি সারা বছর অনুশীলনে থাকে। দলটির বড় শক্তি এটাই। ঢাকার রক্ষণে আতঙ্ক ছড়াতে পারেন বিকেএসপির স্ট্রাইকার মেহরাব হোসেন। আঞ্চলিক পর্বে নয়টি ও চূড়ান্ত পর্বে চারটি গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও তিনি। শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী বিকেএসপির কোচ পরিতোষ দেওয়ান, ‘ছেলেরা ভালো খেলছে। আশা করি আমরা শিরোপা জিতব।’ অধিনায়ক স্বপনের কথা, ‘আমিও চাইব ট্রফি জিতে ফাইনালটা স্মরণীয় করে রাখতে।’