ঢাকায় আরও ব্রিটিশ ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথম ব্রিটিশ ফুটবলার হিসেবে ঢাকা আবাহনীতে খেলছেন লি টাক। এই প্লে-মেকার চোখ কেড়েছেন সবারই। এবার তাঁর হাত ধরে আরেক ব্রিটিশ ফুটবলার এসেছেন আবাহনীতে। নাম জন। ১ নভেম্বর শুরু প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে তাঁকে দেখা যেতে পারে।
লি টাকের সঙ্গে জন থাইল্যান্ডে খেলেছেন। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানালেন, একটা সেশন অনুশীলনে স্ট্রাইকারকে দেখে তাঁর ভালোই লেগেছে। তবে ভালো ফুটবলার পেলে আবাহনী এই অন্তর্বর্তীকালীন দলবদলে আরেকজনকেও নিতে পারে।
প্রায় সব দলই নতুন বিদেশি খেলোয়াড় নিচ্ছে। শেখ রাসেল নেবে তিনজন। বর্তমানে আছেন শুধু ইকাঙ্গা। চুক্তি শেষ ও চোটের কারণে বিদায় দিচ্ছে পল এমিলকে। এখন ট্রায়ালে আছেন মিসরের আহমেদ সাইদ, একজন করে ব্রাজিলিয়ান ও গাম্বিয়ান ও অ্যাবজামিন জেজে নামের এক ব্রিটিশ। আরও দু-একজন আসবেন, তাঁদের থেকে দুজনকে নিতে চায় শেখ রাসেল। এ ছাড়া হাইতি জাতীয় দলের ফরোয়ার্ড সাবস্টেন মরিনকে চুক্তি করেই আনা হচ্ছে। তিনি ট্রায়াল দেবেন না।
ওদিকে শেখ জামালের জন্য দুঃসংবাদ। হাইতিয়ান ‘গোল মেশিন’ ওয়েডসন পারিবারিক কারণে দ্বিতীয় পর্বে খেলতে চাইছেন না। তাঁর বিকল্প সন্ধান করছে লিগ চ্যাম্পিয়নরা।