ঢাকায় বুসান আইপার্ক দল
দক্ষিণ কোরিয়ার বুসান আইপার্ক দল গত রাতে ঢাকায় পা রেখেছে। আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে তারা। বুসান দলের তিন ব্রাজিলিয়ানকে নিয়ে বাড়তি আগ্রহ ছিল। কিন্তু চুক্তি শেষ হয়ে যাওয়ায় দলের সঙ্গে আসেননি তাঁরা। বুসান দলে কোরিয়ার জাতীয় দলের কোনো খেলোয়াড়ও নেই। কর্মকর্তারা বিমানবন্দরে জানিয়েছেন, শেখ জামাল সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। এই সফরের আসল উদ্দেশ্য, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সেতুবন্ধ গড়া।
এই শুভেচ্ছা সফরের অংশ হিসেবে নিজ উদ্যোগেই আজ ঢাকা আসছেন দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি চুং মং গাই। তাঁর এই সফর দুই দেশের ফুটবলে একটা সম্পর্ক তৈরি করবে বলে প্রত্যাশা বাফুফের। কোরিয়া থেকে নানাভাবে সহযোগিতা পাওয়ার একটা সুযোগ হিসেবেও এটিকে দেখা হচ্ছে। আগামীকাল ম্যাচের আগে দুপুরে বাফুফে ভবনে আসবেন চুং। ম্যাচের পর তাঁর সম্মানে নিজের বাসভবনে নৈশভোজের আয়োজন করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। প্রিমিয়ার লিগের দলগুলোর শীর্ষ কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে তাতে।
এই ম্যাচ দিয়ে অনলাইন টিকিট যুগেও প্রবেশ করছে বাফুফে। ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। www.imdhaka.com এই ঠিকানায় টিকিট কেনা যাবে। টিকিটের দাম ৩০ ও ৬০ টাকা। ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায়।