ঢাকার জন্য 'বিজ্ঞাপন' ফিকরু!

গোল করে একটা ছোট্ট দৌড়। তারপর ডিগবাজি খাওয়া। অনেক ফুটবলারই গোলের উদ্যাপনটা এভাবেই করেন। ফিকরু তেফেরা সেটিই দেখাচ্ছেন ঢাকার মাঠে। শেখ রাসেল ক্রীড়া চক্রের জার্সি গায়ে এরই মধ্যে স্বাধীনতা কাপে প্রথম দুই ম্যাচে চার গোল করেছেন—যার তিনটিই ছিল গতকাল।
ইথিওপিয়ার এই স্ট্রাইকার আলাদা করে চোখ কাড়বেন বলে মনে হচ্ছিল। কারণ, তাঁকে বর্তমান ফুটবলারদের বাজার দামের চেয়ে একটু বেশি দামেই নিয়ে এসেছে শেখ রাসেল। তা ছাড়া ফিকরু পরিক্ষীতও। অ্যাটলেটিকো ডি কলকাতার জার্সি গায়ে প্রথম ভারতীয় সুপার লিগে (আইএসএল) আলো ছড়িয়েছেন। ১২ ম্যাচে পাঁচ গোল করে দলটির শিরোপা জয়েও রেখেছেন অবদান। গতবার সেমিফাইনালে গোল করে চেন্নাইকে নিয়ে যান ফাইনালে।
চ্যাম্পিয়নও হয়েছে চেন্নাই। তার মানে দুটি আইএসএলেই চ্যাম্পিয়ন দলের ড্রেসিং রুমে থাকার অভিজ্ঞতা আছে তাঁর।
সেই ফিকরুর কাছ থেকে ঢাকার দর্শকেরা বাড়তি কিছু আশা করতেই পাবেন। সেই আশা পূরণ সম্ভাবনাও যথেষ্ট উজ্জ্বল। যদিও ৩০ বছর চলছে তাঁর। তাতে কী, ঝলক ঠিকই আছে। এবং ঢাকায় প্রথম দুই ম্যাচেই জানিয়ে দিলেন তাঁকে এনে ভুল করেনি শেখ রাসেল। সনি নর্দে চলে যাওয়ার পর সেভাবে এমন কোনো ফুটবলারকে দেখা যাচ্ছিল না ঢাকায়, যাঁকে অন্যদের চেয়ে একটু বেশি নম্বর দেওয়া যায়। ফিকরু সেই শূন্যস্থানটা মনে হয় পূরণ করতে প্রস্তুত।
ভারতে খেলার অভিজ্ঞতাই তিন সন্তানের জনক ফিকরুকে সবচেয়ে বেশি সাহায্য করছে ঢাকায় মানিয়ে নিতে। তাই মানসিকভাবেও বেশ ফুরফুরে দেখাচ্ছে। মাঠে তাই দিতে পারছেন নিজের সেরাটা। এমনও মনে করছেন, ‘আমি এ দেশে খেলছি, এটা এখানকার ফুটবলের জন্য একটা বিজ্ঞাপন হতে পারে। কারণ, আমাকে অনেকে চেনে। এভাবে আরও ভালো ভালো খেলোয়াড় এলে বাংলাদেশের ফুটবলের জন্য সেটি হবে দারুণ ব্যাপার।’
আইএসএলের সঙ্গে বাংলাদেশের ফুটবলের কোনো তুলনা হয় না। আইএসএল অনেক বড় বিশ্ব তারকা খেলেন। গতি ও মানের দিক থেকে ম্যাচগুলো অনেক এগিয়ে। সে তুলনায় বাংলাদেশের ফুটবল কেমন? ফিকরু বললেন, ‘আইএসএলের সঙ্গে তুলনা করা যাবে না ঢাকার ফুটবলের। ভারতের ওই লিগের ম্যাচগুলো গতির অভাবে ভোগে না। নামী দামি অনেক তারকা খেলছেন ওখানে। অনেক বড় বড় কোচ আসেন। তবে এখানেও ভালো খেলোয়াড় ও কোচ আছে। সুযোগ-সুবিধাও খারাপ নয়। এ পর্যন্ত যা দেখলাম, আমি যথেষ্ট খুশি।’
খুশি নিজে দুই ম্যাচে চার গোল করেও। তবে ঢাকায় কত গোল করতে চান, সেই প্রশ্নটাকে একপাশে রেখে ঝটপট বলেন, ‘তিন পয়েন্টই আসল। সেটি এক গোল করেও আসতে পারে, পাঁচ গোল করেও। কাজেই দলের জয়টাই আসল আমার কাছে।’ এটা কথার কথাই, আসলে স্ট্রাইকার তো সব সময়ই চান যত বেশি সম্ভব গোল পেতে। ব্রাজিলের রোনালদোকে নিজের নায়কের আসনে বসিয়ে স্ট্রাইকার হিসেবে বেড়ে ওঠা ফিকরুর সেরা সময়টা অবশ্য পেছনেই ফেলে এসেছেন মনে হচ্ছে। ২০০৪ পূর্ব আফ্রিকা কাপে চ্যাম্পিয়ন ইথিওপিয়ার জার্সি গায়ে করেছেন ৮ গোল। সেই ধারাবাহিকতা ধরে রেখেই এগিয়েছেন সামনে।
ফিকরুর হেডিং, শুটিং সবই ভালো। তবে শেখ রাসেলের কোচ মারুফুল হকের কাছে তাঁর সবচেয়ে বড় গুণ, ‘ সে খেলাটা ভালো বোঝে। ইশারা করলেই ধরে নিতে পারে আমি কী চাই। ট্যাকটিক্যাল জ্ঞানও দারুণ। একজন স্ট্রাইকারের প্রয়োজনীয় সব গুনই ওর মধ্যে আছে।’ সবচেয়ে বড় কথা, স্ট্রাইকার হওয়ার অন্যতম বড় শর্তটাই পূরণ করেছেন ফিকরু। উচ্চতা যে ছয় ফুট। এর সঙ্গে পেশাদারি মনোভাব যোগ হওয়ায় অনেক বিদেশর ভিড়ে ফিকরুকে আলাদা করেই রাখছেন মারুফুল হক।
ভারতে খেলেছেন বলে বাংলাদেশে এসে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না। মাস খানেক তো পেরিয়ে গেল, এরই মধ্যে অনেকটা নতুন জীবনের সঙ্গে অভ্যস্তই হয়ে উঠেছেন। বেশির ভাগ ভারতীয় খাবার খেলেও বাংলাদেশের খাবারও তাঁর ভালো লাগে। একটু মজা করে বললেন,‘ এখানকার ডালটা আমার ভালো লেগেছে। ওটা আবার খাবারের তালিকায় সব সময়ই থাকে।’
বাংলা কথাও টুকটাক শিখেছেন। তবে সেসবই ভাঙা ভাঙা উচ্চারণে। যেমন...‘কেমন আছ...। চলো...।’ এখানে যত বেশি মানিয়ে নিতে পারবেন, ততই ঢাকার ফুটবলে দর্শকের মন জয় করে সাড়া ফেলতে পারবেন বলে তাঁর আশা। আশির সেই এমেকা, নালজেগার, সামির শাকিরদের পথ বেয়ে সনি নর্দের পর যদি সাড়া ফেলতে পারেনি ফিকরু, তাহলে তো ভালোই।