ঢাকার ফুটবলে পাতানো খেলার শাস্তি দুটি দলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগরী লিগ কমিটির কার্যালয়ে শাস্তি ঘোষণা করছেন হারুনুর রশীদ। ছবি: প্রথম আলো
ঢাকা মহানগরী লিগ কমিটির কার্যালয়ে শাস্তি ঘোষণা করছেন হারুনুর রশীদ। ছবি: প্রথম আলো

বাংলাদেশের ফুটবলের বর্তমান দৈন্যদশার বড় কারণ পাতানো খেলা। মাঝে কিছুদিন পাতানো খেলার উৎপাত কমলেও আবার তা শুরু হয়েছে জোরেশোরে। সদ্য শেষ হওয়া ঢাকার সিনিয়র ডিভিশন ফুটবল লিগে দেদার পাতানো খেলার অভিযোগ ওঠে। সব অভিযোগের তদন্ত অবশ্য হয়নি। একটি মাত্র ম্যাচের তদন্ত করে দুটি দলকে দোষী হিসেবে আজ রায় দিয়েছে ঢাকা মহানগরী লিগ কমিটি। 

ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা ইউনাইটেডের তিনজন খেলোয়াড় শাস্তি পেয়েছেন। অধিনায়ক মশিউল কবির বাপ্পি ও গোলরক্ষক নুর আলমকে মহানগরী লিগ কমিটির সব খেলায় দুই বছর ও স্টপার দেওয়ান মোহাম্মদ জুয়েলকে এক বছর নিষিদ্ধ করা হয়েছে। মহানগরী লিগ কমিটির এই শাস্তি আজ থেকেই কার্যকর হয়েছে।
দল দুটিকে চাইলে আরও বড় শাস্তি দিতে পারে বাফুফে। এ ব্যাপারে বাফুফের কাছে সুপারিশও করা হয়েছে। শাস্তি পাওয়া দলগুলোর আপিলের সুযোগও থাকছে।
গত ২১ মে এই দুটি দল মুখোমুখি হয়েছিল কমলাপুর স্টেডিয়ামে। সেই ম্যাচে ঢাকা ইউনাইটেড ২-০ গোলে সোশ্যাল ওয়েলফেয়ারকে ম্যাচ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ আছে। অন্য কোনো ম্যাচ ভিডিও করা না হলেও এই ম্যাচটি ভিডিও করে লিগ কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া যুগ্ম সচিব দিল মোহাম্মদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।
ওই কমিটির দেওয়া সুপারিশ, ম্যাচ কমিশনার ও রেফারির প্রতিবেদন বিবেচনায় নিয়েই ঢাকা মহানগরী লিগ কমিটি শাস্তি দিয়েছে। আজ এই কমিটির প্রধান হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এই দুটি দল পাতানো খেলেছে বলে প্রমাণ হয়েছে। দুদল ওই ম্যাচে কোনো পয়েন্ট পাবে না। তা ছাড়া আমরা দুই দলকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছি।’
তবে আরও পাঁচ-ছয়টি ম্যাচ পাতানো হয়েছে বলেও অভিযোগ থাকলেও শুধু একটি ম্যাচই বিবেচনায় নিয়েছে কেন লিগ কমিটি? ওই দুটি ক্লাব ভিন্ন রাজনৈতিক মতাদর্শের বলে শুধু তাদেরই শাস্তি দিয়ে অন্যদের ছেড়ে দেওয়া হলো কি না, সেই প্রশ্ন উঠেছে। হারুনুর রশিদ অবশ্য এ অভিযোগ আমলে নেননি, ‌‘ওই দুটি দল ৮-৯ বছর ধরেই খেলছে। রাজনৈতিক প্রতিহিংসা হলে আরও আগেই তাদের হেনস্তা করা যেত। সেটা তো আমরা করিনি। কাজেই অভিযোগটা সঠিক নয়।’ অন্য ম্যাচগুলো তদন্ত না করার ব্যাপারে তাঁর যুক্তি, ‘কেউ আমাদের কাছে ওই ম্যাচগুলোর ব্যাপারে অভিযোগ করেনি। তাই তদন্তও হয়নি।’