ঢাকার বাইরে ভেন্যু কমানোর বায়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ জুলাই থেকে চট্টগ্রাম ভেন্যু দিয়ে মাঠে গড়াবে নবম পেশাদার ফুটবল লিগ। অথচ গতকাল লিগ কমিটির সভায় নতুন বায়না ধরেছে চার-পাঁচটি ক্লাব। ঢাকার বাইরে ছয়টি ভেন্যুতে ঘুরে ঘুরে খেলতে নাকি তাদের সমস্যা হবে। তাই ভেন্যু কমানোর দাবি তুলে বাফুফে ও স্পনসরের প্রশংসনীয় উদ্যোগকে তারা নিরুৎসাহিত করতে চাইছে। নিরাপত্তার প্রশ্ন তুলে ওই ক্লাবগুলো ঢাকার বাইরে তিনটির বেশি ভেন্যুতে যেতে আগ্রহী নয়।

ঢাকার বাইরে ভেন্যু কমানোর দাবি তুলেছে শেখ জামাল, মোহামেডান, আরামবাগ, ফেনী সকার। মুক্তিযোদ্ধাও আছে এই দলে। কিন্তু বাফুফের লিগ কমিটি বরাবরের মতো নতজানু হয়ে তিনটি ভেন্যু গোপালগঞ্জ, বরিশাল ও রাজশাহীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছে! ঢাকার বাইরে শুধু চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ ভেন্যু হতে পারে। গতকাল মুলতবি হয়ে যাওয়া লিগ কমিটির সভা আজ আবার হবে এবং সেখানেই চার ভেন্যুতে খেলা আয়োজনের সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে জানা গেছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কথায়ও মিলল সেই আভাস, ‘আমরা এখন ঢাকাসহ চারটি ভেন্যু ধরে নতুন সূচি করে দেখি কী হয়।’