ঢাকার মাঠে এক রাজকুমারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্ডানের রাজকুমারী হলেও মাঠে তাঁর পরিচয় একটাই—ফুটবলার। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফা ফিরাসকে (বল পায়ে) দেখে তা-ই  মনে হলো  l প্রথম আলো
জর্ডানের রাজকুমারী হলেও মাঠে তাঁর পরিচয় একটাই—ফুটবলার। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফা ফিরাসকে (বল পায়ে) দেখে তা-ই মনে হলো l প্রথম আলো

নব্বইয়ের দশকেও দৃশ্যটা কল্পনা করা যেত না। ঘরকন্না, নয়তো স্বামী-সন্তান নিয়েই সময় কাটাতেন জর্ডানের বেশির ভাগ মেয়েরা। কিন্তু দিন বদলেছে। গায়ে জার্সি চাপিয়ে, মাথায় হিজাব পরে দারুণ উৎসাহে ফুটবল খেলছে জর্ডানের মেয়েরা। শুধু সাধারণ ঘরের নয়, ফুটবলে এসেছে রাজপরিবারের মেয়েরাও। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য ঢাকায় আসা দলটিতেই আছেন এক রাজকুমারী—সাফা ফিরাস।
প্রায় এক কোটি জনসংখ্যার দেশটিতে মেয়েদের ফুটবল শুরু হয়েছে ২০০৫ সালে। এর পর থেকে নিয়মিতই হচ্ছে বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা। হচ্ছে ঘরোয়া লিগ। জাতীয় দলও অংশ নিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে।
কাল বিকেলে বৃষ্টির মধ্যে বাফুফের কৃত্রিম টার্ফে অখণ্ড মনোযোগে অনুশীলন করলেন জর্ডানের কিশোরীরা। অনুশীলন শেষে দৌড়ে উঠলেন টিম বাসে। গণমাধ্যমকে এড়াতে পারলেই যেন বাঁচেন সবাই। তবে দলের প্রধান কোচ মানার মুস্তফা আহমেদ ফ্রেইজ নিজ থেকেই এগিয়ে এসে বললেন জর্ডানের নারী ফুটবলের অগ্রযাত্রার কাহিনি, ‘নয় বছর আগে মেয়েরা ফুটবল খেলা শুরু করে। মাত্র কয়েক বছরে ওরা যথেষ্ট সম্ভাবনা জাগিয়েছে।’
সরকার ও জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সক্রিয় সহযোগিতার কথা স্বীকার করলেন তিনি অকুণ্ঠচিত্তে, ‘সরকারসহ দেশের ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের সব রকম সমর্থন দিয়ে যাচ্ছে। সমর্থন দিচ্ছে গণমাধ্যম ও সাধারণ জনগণও।’ দেশের বিভিন্ন অঞ্চলের সব শ্রেণির মেয়েরা এগিয়ে আসছে ফুটবলে, যা তাকে আরও বেশি আশাবাদী করে তুলেছে, ‘শুধু গরিব ঘরের মেয়েরাই নয়, আমার এই দলে খেলছেন একজন রাজকুমারী, সাফা। সে খুবই ভালো ফুটবলার।’
সাধারণত পরিবারের ছেলেরাই ফুটবলের দিকে ঝোঁকে বেশি। কিন্তু গত কয়েক বছরে মেয়েদের ফুটবলমুখী স্রোতটা গতি পেয়েছে পারিবারিক উৎসাহেই। মানারের কথা, ‘আগে তো শুধু ছেলেরাই খেলত। কিন্তু এখন ঘরের উঠানে বা রাস্তায় যেখানেই হোক না কেন, আপন বা চাচাতো ভাইয়েরা বোনদের ডাকে। বলে, এসো একসঙ্গে ফুটবল খেলি।’
জর্ডান অনূর্ধ্ব-১৬ দলটিকে নিয়ে গত ছয় মাস কঠোর অনুশীলন করেছেন মানার। ঢাকায় আসার আগে জার্মানিতে ছয় দিনের অনুশীলন করেছেন। আগামীকাল জর্ডানের প্রথম খেলা বাংলাদেশের সঙ্গে। লক্ষ্য, চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে যাওয়া। তাই শুধু বাংলাদেশকেই নয়, হারাতে চান প্রতিটি দলকেই, ‘বাংলাদেশসহ অন্যসব দলকে সমীহ করছি। শুধু বাংলাদেশকে হারানোই আমাদের একমাত্র লক্ষ্য নয়, সব দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাই। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের সেরা দুটি দলের একটি হয়ে খেলতে চাই আগামী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ।’
অন্যরা রাজপরিবারের সদস্যের সঙ্গে খেলতে কি স্বাচ্ছন্দ্য বোধ করেন? মানারের হাসিমাখা উত্তর, ‘খেলার মাঠে তো ধনী-গরিবের মধ্যে পার্থক্য নেই। আমাদের সব মনোযোগই তখন থাকে খেলায়।’ ঐক্যের শক্তিই বড় শক্তি। যে দলের মধ্যে আছে এমন সাম্যের বোধ, তারা তো অনেক দূরে যেতেই পারে। অনেক দূরের ছবিই চোখে আঁকছেন জর্ডানের কিশোরীরা।