ঢাকার মাঠে এমন গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত সে গোলের পর উদ্‌যাপনের জন্য ছুটছেন সাদ। ছবি: বাফুফে
দুর্দান্ত সে গোলের পর উদ্‌যাপনের জন্য ছুটছেন সাদ। ছবি: বাফুফে

‘সাদ এটা কী করল!’

বলটি জালে জড়াতেই সবার কণ্ঠে বিস্ময়ের সুর। কারও যে বিশ্বাসই হচ্ছিল না। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে এমন অসাধারণ এক গোলই করেছেন আবাহনীর ফরোয়ার্ড সাদ উদ্দিন। প্রায় ৩৫ গজ দূর থেকে দূরপাল্লার শটে অসাধারণ এক গোল। খেলা শেষে টিভিতে বারবার রিপ্লে দেখানো হচ্ছে গোলটি। এমন গোল দর্শকদের বারবার না দেখিয়ে উপায় আছে!
অ্যাটাকিং থার্ডে ইমনের কাছ থেকে পাওয়া বল ডিফেন্ডার আরাফাত হোসেনকে ডজ দিয়ে ইনস্টেপ শুট। গোলরক্ষক মাহফুজ হাসান প্রিতম লাফ দিয়েছিলেন, কিন্তু বলের নাগাল পাননি। ডাগ আউট থেকে বেরিয়ে এসে হাততালি দিলেন ড্রাগো মামিচ। এমন গোল দেখে প্রতিপক্ষ ডাগ আউট থেকে কোচ বেরিয়ে হাততালি দিলেও অবাক হওয়ার কিছু থাকে না।
সাদের দর্শনীয় গোলের সন্ধ্যায় আরামবাগের বিপক্ষে আবাহনী লিমিটেড জিতেছে ২-১ গোলে। জয়ী দলের অন্য গোলটি করেছেন নাবিব নেয়াজ জীবন। পেনাল্টি থেকে আরামবাগের গোলটি করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা ওলালেকাও।
চলতি বছর মে মাসে এএফসি কাপে ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষেও দর্শনীয় এক গোল করেছিলেন সাদ। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে ডাইভিং সাইড ভলি, কী দুর্দান্ত ফিনিশিং। এখনো চোখে লেগে থাকার মতো। আজকের গোলটিও বারবার দেখার মতো।
আবাহনী-আরামবাগের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ৩০ মিনিটে আবাহনীর প্রথম গোল করেছিলেন জীবন। ৭ মিনিট পরেই এসেছে সাদের গোলটি। আর যোগ করা সময়ে স্পটকিক থেকে গোলের ব্যবধান কমিয়েছেন বুকোলা ২-১। এই জয়ের ফলে ৭ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট আবাহনীর। সমানসংখ্যক ম্যাচে আরামবাগের পয়েন্ট ৪।