ঢাকার মেসি-সতীর্থের জন্য নেইমার সতীর্থের শুভেচ্ছা

>ঢাকায় অবস্থান করা আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোসকে শুভেচ্ছা জানিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের মিডফিল্ডার এন্ডার হেরেরা।
আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোসকে ইউরোপের আদলে গ্রহণ করেছে বসুন্ধরা কিংস। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে নতুন চ্যালেঞ্জ গ্রহণের কথা জানিয়েছেন লিওনেল মেসির সাবেক এই সতীর্থ। সে পোস্টে এসে অভিনন্দন জানিয়েছেন নেইমারের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের মিডফিল্ডার এন্ডার হেরেরা।
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে চার ম্যাচ খেলা বার্কোসকে বরণ করে নেওয়া হয় ৯ ফেব্রুয়ারি। বসুন্ধরা কিংসের নিজস্ব মাঠে ইউরোপীয় ঢঙে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় তাঁকে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে স্প্যানিশ ভাষায় বার্কোস যা লিখে ছিলেন, তার বাংলা ভাবার্থ, ‘নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। এই বছরটা হোক জয়ের।’ সেই পোস্টে শুভ কামনা জানিয়ে মন্তব্য করেছেন স্পেন জাতীয় দলের খেলোয়াড় হেরেরা। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এই মৌসুমেই পিএসজিতে আসা এই তারকা স্প্যানিশ ভাষায় যা লিখেছেন, তার বাংলা, ‘শুভ কামনা।’
আগামী নভেম্বর পর্যন্ত বার্কোসের সঙ্গে চুক্তি বসুন্ধরার। প্রিমিয়ার লিগ শুরুর আগে এলেও লিগের প্রথম পর্বে খেলতে পারবেন না তিনি। তবে মার্চে শুরু হওয়া এএফসি কাপের ম্যাচগুলোতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। আবার মধ্যবর্তী দলবদলে অংশগ্রহণ করলে খেলতে পারবেন লিগের দ্বিতীয় পর্বেও।

২০১২ সালে ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকোয় আর্জেন্টিনার জার্সি গায়ে অভিষেক হয়েছিল বার্কোসের। কোচ আলেসান্দ্রো সাবেয়ার অধীনে সে ম্যাচে অবশ্য লিওনেল মেসি খেলেননি। তবে সে বছরই বিশ্বকাপ বাছাইপর্বে বার্কোস উরুগুয়ে ও চিলির বিপক্ষে দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। সে ম্যাচে মেসি-হিগুয়েইন-আগুয়েরোরা খেলেছিলেন। একটি ম্যাচে তিনি বদলি ছিলেন হিগুয়েইনের, অন্যটিতে আগুয়েরোর। জাতীয় দলের হয়ে অবশ্য তাঁর কোনো গোল নেই।
ক্লাব-ক্যারিয়ারটা বার্কোসের গর্ব করার মতোই। খেলেছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাস, গ্রেমিও ও ক্রুজেইরোতে। ২০১২-১৩ মৌসুমে পালমেইরাসের হয়ে ২৯ ম্যাচে করেছিলেন ১৪ গোল। পরের দুই মৌসুমে গ্রেমিওর জার্সিতে ৬৯ ম্যাচে ২৩ গোল। ২০১৭ মৌসুমে ইকুয়েডর প্রিমিয়ার লিগের ক্লাব এলডিইউ কিটোর হয়ে ২১ গোল করতে খেলেছেন ২৬ ম্যাচ। সর্বশেষ কলম্বিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব আতলেতিকো নাসিওনালের হয়ে ১৪ ম্যাচে করেছেন ৬ গোল।