ঢাকায় আজ 'ফুটবল সমাবেশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার ফুটবল কর্মকর্তারা আজ সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে বৈঠকে বসবেন। ৬৪টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সঙ্গে বিভাগীয় অ্যাসোসিয়েশনের সভাপতিদের থাকার কথা। কেউ আসতে না পারলে থাকবেন তাঁর প্রতিনিধি। এটির আয়োজক ডিএফএর শীর্ষ কর্মকর্তারা। নির্দিষ্ট করে বললে বিওএর ই-মেইল থেকে সাংবাদিকদের আমন্ত্রণপত্র পাঠিয়েছেন জেলা ক্রীড়া সংগঠকদের নেতা আশিকুর রহমান মিকু।
অনুষ্ঠানে থাকার কথা চট্টগ্রাম ডিএফএর সভাপতি ও চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের। অন্যতম অতিথি সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ থাকবেন, যিনি বাফুফের সদস্যও। তবে এই অনুষ্ঠানের সঙ্গে বাফুফের কোনো সম্পৃক্ততা নেই বলে জানা গেছে।
বাফুফের অঙ্গসংগঠন হয়েও কেন এভাবে আলাদা অনুষ্ঠান, এ নিয়ে চারদিকে কৌতূহল আছে। এবং সেটার উত্তর হলো, বাফুফেকে নাকি বিষয়টা জানানো হয়েছে। আয়োজকেরা বলছেন, বাফুফে নিজে যখন জেলার ফুটবল নিয়ে কিছু করছে না, তখন জেলাগুলো বসে থাকবে কেন!
অনুষ্ঠানের কেন্দ্রীয় চরিত্র তরফদার রুহুল আমিন। তাঁর সঙ্গেই আজ মতবিনিময় হবে। বাফুফের গত নির্বাচনে রুহুল আমিন ছিলেন কাজী সালাউদ্দিন পরিষদের সমন্বয়ক। তখন বাফুফে প্রতিটি জেলাকে লিগ করার জন্য আর্থিক অনুদান দেওয়ার অঙ্গীকার করেছিল। কিন্তু নির্বাচনের পর গত এক বছর জেলাগুলোর সঙ্গে বাফুফের সমন্বয় তেমন ছিল না। টাকা না পেয়ে ডিএফএগুলো নিজেরাই এখন তাই একত্র হচ্ছে।
নির্বাচনের সময় প্রস্তাবিত ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ সুপার লিগের পক্ষ থেকেও প্রতিটি জেলাকে ২ লাখ টাকা দেওয়ার কথা বলা হয়। ফ্র্যাঞ্চাইজি লিগ করার কথা ছিল রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের। যদিও ওই লিগ আলোর মুখ দেখেনি, লিগটা এমনকি বাফুফের বর্ষপঞ্জিতেই নেই।
রুহুল আমিন অবশ্য বলছেন, ফ্র্যাঞ্চাইজি লিগ না হোক, প্রতিশ্রুতি অনুযায়ী জেলাগুলোকে টাকা তিনি দেবেন। কাল গুলশানে নিজের অফিসে এক সংবাদ সম্মেলনে আজকের অনুষ্ঠান নিয়ে সেটাই বলেছেন, ‘জেলা লিগগুলো হচ্ছে না। জেলাগুলো আমার কাছে প্রতিশ্রুতি পূরণে টাকা চায়। কীভাবে লিগ করা যায়, কীভাবে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দিয়ে লিগগুলো করতে পারি, সেটা নিয়েই আলোচনা হবে। এ জন্যই অনুষ্ঠানটার আয়োজন। তা ছাড়া আমি ফেডারেশনে নেই তো কী, বাইরে থেকে ফুটবলের জন্য কাজ করে যাব।’
গুঞ্জন আছে, তরফদার রুহুল আমিন বাফুফের আগামী নির্বাচনে সভাপতি প্রার্থী হতে পারেন। আজকের আয়োজন সেটারই অংশ কি না প্রশ্ন করলে তাঁর উত্তর, ‘নির্বাচন হবে তিন বছর পর। এখনই এ কথা কেন? তখন যদি সবাই চায়, আমি নির্বাচনের প্রার্থী হওয়ার ব্যাপারে ভাবব।’