হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পল্টনের টিম হোটেলে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা লেগেছে মাজিয়া স্পোর্টস ক্লাবের। ঢাকার যানজটে ভীষণ বিরক্ত এএফসি কাপে খেলতে আসা মালদ্বীপের দলটি। উপরন্তু কলম্বো বিমানবন্দরে বাড়তি সাত ঘণ্টা নাকি ভোগান্তি পোহাতে হয়েছে। তাই কাল দুপুরে ঢাকায় পা রাখলেও হোটেল ছেড়ে এরপর আর নিচে নামতেই চাইলেন না কেউ। ভ্রমণক্লান্তিতে কাল নির্ধারিত অনুশীলনটাও করেনি মালদ্বীপের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল।
সন্ধ্যায় অবশ্য হোটেলে হালকা জিম করেছে পুরো দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে প্রথম মুখোমুখি হবে মাজিয়া। ১৭ মে মালে জাতীয় স্টেডিয়ামে দুই দলের ফিরতি ম্যাচ। এএফসি কাপে এর আগে টানা তিনবার অংশ নিলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে মাজিয়াকে। গত ডিসেম্বরে ক্লাবটি নিয়োগ দিয়েছে মেসিডোনিয়ার ৪৩ বছর বয়সী কোচ মারজান সেকুলোভস্কিকে। এএফসি কাপ সামনে রেখেই প্রথমবারের মতো কোনো বিদেশি কোচ এনেছে মালদ্বীপের এই দল।
মেসিডোনিয়ার ২০১৪ সালের বর্ষসেরা কোচ সেকুলোভস্কি এই দল নিয়ে খুবই আশাবাদী। দায়িত্ব নিয়েই মালদ্বীপের গণমাধ্যমে বলেছিলেন, ‘মাজিয়াকে পরের রাউন্ডে নিয়ে যেতে চাই।’ যদিও ঢাকায় এসে কাল কিছু বলতে চাইলেন না, ‘আজ আমরা ভীষণ ক্লান্ত। যানজট অনেকটা সময় খেয়ে ফেলেছে আমাদের। তাই অনুশীলন করব না আজ। তা ছাড়া ম্যাচ নিয়ে যা বলার আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই বলব।’
মাজিয়ায় আছেন চার বিদেশি। গোলকিপার পাভেল মাতিয়াশ কিরগিজস্তানের, দুই ডিফেন্ডার মিলোস কোভাসেভিচ মন্টেনেগ্রিয়ান, আন্দ্রেই আলেক্সান্দারু করদস রোমানিয়ান এবং স্ট্রাইকার রাকিচ আলেক্সান্দার সার্বিয়ান। দলটিতে আছেন মালদ্বীপ জাতীয় দলের আট ফুটবলার।