ঢাকায় ছেলের ভরাডুবি দেখলেন সাবেক ইউনাইটেড তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিআইপি গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছেন টেডি শেরিংহাম। ছবি: প্রথম আলো
ভিআইপি গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছেন টেডি শেরিংহাম। ছবি: প্রথম আলো

ছেলে চার্লি শেরিংহাম সাইফ স্পোর্টিংয়ের জার্সিতে খেলছেন ঢাকায়। আর নিজে কোচিং করাচ্ছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক ফুটবল লিগ আইএসএলে অ্যাটলেটিকো ডি কলকাতার। এত কাছেই যখন থাকা, তাই ছেলের খেলা দেখতে ঝটিকা সফরে উড়ে এলেন টেডি শেরিংহাম। কিন্তু ঢাকা এসে ছেলের দলের ভরাডুবি দেখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক ইংলিশ তারকা। আজ মোহামেডানের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে সাইফ। লিগে এটিই সবচেয়ে বড় হার নতুন এসে সাড়া জাগানো দলটির।

গ্যালারিতে বাবার উপস্থিতিটিতে শেরিংহামের তো আজ জ্বলে ওঠারই কথা। কিন্তু কিসের কী, খুঁজেই পাওয়া গেল না। ১৯ মিনিটে জুয়েল রানার ক্রস থেকে শুধু একটা হেড করেছিলেন, বলার মতো এই যা। সাইফের জার্সিতে আজ প্রথমবারের মতো জ্বলে ওঠার আভাস দিয়েছিলেন ওয়েডসন। কিন্তু দ্বিতীয়ার্ধে মোহামেডানের কিংসলে ও ওয়ালসনের দাপটের কাছে আর টিকতেই পারলেন না। অবশ্য তাদের দাদাগিরিতে সাইফের ভঙ্গুর রক্ষণভাগের অবদানও কম নয়।

ম্যাচটিকে দুই অর্ধে ভাগ করা যেতে পারে অনায়াসে। প্রথমার্ধ উভয় দলের। আর দ্বিতীয়ার্ধ শুধু মোহামেডানের। স্পষ্ট করে বললে নাইজেরিয়ান এলিটা কিংসলে ও হাইতিয়ান ওয়ালসন অগাস্টিনের। কী গোল তিনটাই না দেখা গেল দুজনের পা থেকে!

দ্বিতীয়ার্ধের শুরুতেই নেমেছিলেন কিংসলে। বদলি নেমে ১৮ সেকেন্ডের মাথায় করেছেন প্রথম গোল। ৪৬ মিনিটে ডান প্রান্ত থেকে বিপলুর ক্রসে ফ্লাইং হেডে গোলের খাতা খুলেছেন। দশ মিনিট পরেই সাইফ-ডিফেন্ডার তপু বর্মণের ভুলে করেছেন ব্যক্তিগত দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোল। লিগে ৯ গোল করা কিংসলের গোলদাতাদের কিং হয়েই থাকলেন।

কিংসলের জোড়া গোলের মাঝখানে ম্যাচের সেরা গোলটি করেছেন ওয়ালসন। মাঝমাঠের একটু ওপর থেকে একক প্রচেষ্টায় গতিতে সাইফ রক্ষণভাগকে পেছনে ফেলে বক্সে ঢুকে দূরের পোস্টে প্লেসিং। গতি, ফিনিশিং ও বুদ্ধিমত্তার দুর্দান্ত এক প্যাকেজ।

বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠটা আজ অনেকটা ধানখেতের মতো অবস্থা। অথচ যেই দুর্দান্ত গতিতে ম্যাচটি হলো, নিঃসন্দেহে লিগের অন্যতম সেরা। ১৬ ম্যাচে সাইফের এটি দ্বিতীয় হার। এই পরাজয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তারা। আর ২৩ পয়েন্ট নিয়ে মোহামেডান আছে পঞ্চম স্থানে।