ঢাকায় দর্শক হবে তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ফুটবল লিগে এবার ময়মনসিংহ পর্বটা কেটেছে দারুণ। ১২টি ম্যাচের প্রায় সবগুলোই হয়েছে কোলাহলমুখর গ্যালারির সামনে। কয়েকটি ম্যাচে তো গ্যালারি ছিল টইটম্বুর। চট্টগ্রাম পর্বেও কমবেশি দর্শক হয়েছে। কিন্তু ঢাকায় সেই দর্শক-খরাই।
চট্টগ্রাম ও ময়মনসিংহে পাঁচ রাউন্ড শেষে ঢাকায় ষষ্ঠ রাউন্ডে মাঠের খেলাটা জমলেও মাঠের বাইরে উত্তাপটা ঠিক ছিল না। এক মাস বিরতি দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ আবার শুরু দেশের শীর্ষ ফুটবল লিগ। এই পর্বে দর্শক ঝাঁপিয়ে পড়বে গ্যালারিতে, তেমন আশা অবশ্যই বাড়াবাড়ি।
তবে প্রিমিয়ার লিগটা যেভাবে এগোচ্ছে, তাতে মাঠের খেলাটা দর্শকদের বেশ টানছে। আজ প্রথম দিনেই যেমন শেখ জামাল-মুক্তিযোদ্ধা বড় ম্যাচ। মুক্তিযোদ্ধা কাগজে-কলমে বড় দল না হলেও এবারের লিগের ছয় ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চারটি দলের একটি তারাই। তা ছাড়া ২১ সেপ্টেম্বর সপ্তম রাউন্ডের শেষ দিনে থাকছে আবাহনী-মোহামেডান লড়াই।
আগের সেই শক্তি নেই, মোহামেডান এখন মাঠে নামে ঐতিহ্যের ঝান্ডা উড়িয়েই। তবু দুই দর্শকপ্রিয় দলের দ্বৈরথ দেখাও এই পর্বে সবার জন্য বাড়তি পাওয়া। তবে দেখার বিষয়, ঈদের ছুটি শেষে খেলোয়াড়েরা আসলে কতটা ফিট আছেন। আগামীকাল ঢাকায় ফিরে তাদের ফিট দেখতে চাইবেন জাতীয় দলের কোচ টম সেন্টফিট। ১০ অক্টোবর ভুটান ম্যাচের জন্য এই পর্বে নতুন মুখ খোঁজার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন বেলজিয়ান কোচ।
ঢাকার এই পর্ব দিয়ে প্রিমিয়ার লিগে ফিরছেন ভারতের দ্রোণাচার্য কোচ সৈয়দ নইমুদ্দিন। এবার শুরুর দিকে ব্রাদার্সের দায়িত্বে ছিলেন নেপালের বালগোপাল মহারজনকে। প্রথম ছয় ম্যাচে পাঁচটি ড্র, খুব খারাপ নয়। তবে ব্যক্তিগত কিছু সমস্যায় বালগোপাল ব্রাদার্স ছেড়েছেন, আর ফিরেছেন নইমুদ্দিন।
প্রিমিয়ার লিগের ডাগআউটে প্রত্যাবর্তন ঘটছে কোচ শফিকুল ইসলাম মানিকেরও। এবার লিগ শুরুর আগের দিন হঠাৎ তাঁকে সরিয়ে দেয় শেখ জামাল। সেই মানিককে কদিন আগে কোচ করেছে মারুফুল হকের অধীনে হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া শেখ রাসেল। এই লিগে প্রথম চার ম্যাচ টানা হারের পর একটি ড্রয়ের পরই আবার হার। মারুফ এরপর পদত্যাগ করলে মানিককে বেছে নেয় গতবারের লিগ রানার্সআপরা।
তবে শেখ রাসেল থেকে শুধু কোচ মারুফের বিদায় ঘটেনি, অনেক আশা জাগিয়ে স্বাধীনতা কাপে ৫ গোল করে আলোচিত ইথিওপিয়ান স্ট্রাইকার ফিকরু তেরেফাও নেই। ছয় রাউন্ড শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। শেখ রাসেলে বিদেশি খেলোয়াড় বলতে এখন পল এমিলি আর ইকাঙ্গা।
ঢাকায় ছয় ম্যাচের এই সংক্ষিপ্ত পর্ব শেষে ২৫ সেপ্টেম্বর থেকে সিলেটে খেলা হবে দুই রাউন্ড। তবে এই পর্বেই আরামবাগের জার্সিতে দেখা যাবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার টাইসন সিলভাকে। লিগের আগে নিবন্ধন করলেও এত দিন আসতে পারেননি ব্যক্তিগত সমস্যায়। তাঁকে নিয়ে আরও ভালো কিছু করতে চায় ফেডারেশন কাপের রানার্সআপ আরামবাগ, যারা লিগের ছয় ম্যাচে পেয়েছে ৬ পয়েন্ট। আরও ভালো কিছু করার আশায় আছেন লিগে এখন পর্যন্ত ৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা রহমতগঞ্জের কঙ্গোলিজ স্ট্রাইকার সিও জুনাপিউ।
তবে সব ছাপিয়ে মাঠে দর্শক টেনে আনাই ফুটবলারদের সামনে বড় চ্যালেঞ্জ। আবাহনীর মিডফিল্ডার প্রাণতোষ যেমন বলছিলেন, ‘দর্শক আসায় চট্টগ্রাম ও ময়মনসিংহে খেলে অনেক আনন্দ পেয়েছি। ঢাকায়ও দর্শক এলে খেলোয়াড়েরা উৎসাহ পাবে, আরও ভালো খেলবে।’
প্রথম ছয় রাউন্ডের জমজমাট ফুটবলের ধারাবাহিকতা এ রাউন্ডেও আশা করছেন সবাই। কোচ মানিকও এই দলে, ‘আমারও আশা আরেকটি জমাট পর্ব দেখব।’ তবে গত এক মাসে ক্লাবে ক্লাবে নানা পরিবর্তন ঘটেছে। দলগুলো তাই এখন কেমন খেলে সেটাই দেখার বিষয়।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
মুক্তিযোদ্ধা ৬ ৩ ৩ ০ ১১/৪ ১২
রহমতগঞ্জ ৬ ৩ ৩ ০ ১০/৪ ১২
শেখ জামাল ৬ ৩ ৩ ০ ১৩/৮ ১২
ঢাকা আবাহনী ৬ ৩ ৩ ০ ৭/৩ ১২
চট্টগ্রাম আবাহনী ৬ ৩ ২ ১ ১৩/৭ ১১
ফেনী সকার ৬ ২ ২ ২ ৮/৬ ৮
আরামবাগ ৬ ১ ৩ ২ ৭/১১ ৬
মোহামেডান ৬ ০ ৫ ১ ৮/১০ ৫
ব্রাদার্স ৬ ০ ৫ ১ ৭/৯ ৫
বিজেএমসি ৬ ০ ৪ ২ ৬/৮ ৪
উত্তর বারিধারা ৬ ১ ০ ৫ ৭/১৯ ৩
শেখ রাসেল ৬ ০ ১ ৫ ২/১০ ১

সপ্তম রাউন্ডের সূচি
১৯ সেপ্টেম্বর
বিজেএমসি-উত্তর বারিধারা
শেখ জামাল-মুক্তিযোদ্ধা
২০ সেপ্টেম্বর
চট্টগ্রাম আবাহনী-আরামবাগ
শেখ রাসেল-ব্রাদার্স
২১ সেপ্টেম্বর
রহমতগঞ্জ-ফেনী সকার
আবাহনী-মোহামেডান
* সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। শুরু বিকেল ৪-৩০ ও সন্ধ্যা ৭-৩০ মিনিটে।