ঢাকায় নিহতদের স্মরণে কালো বাহুবন্ধনী পরবে ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালো ব্যান্ড পরার ঘোষণা দেওয়া হয়েছে ইতালি দলের টুইটার পেজে।
কালো ব্যান্ড পরার ঘোষণা দেওয়া হয়েছে ইতালি দলের টুইটার পেজে।

ঢাকায় স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাতে আজ ইউরোর কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচে কালো বাহুবন্ধনী পরে নামবে ইতালি দল।

শুক্রবার রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে। ১২ ঘণ্টার এই লোমহর্ষক ঘটনায় ২০ দেশি-বিদেশি নাগরিক, ছয় সন্ত্রাসী, দুই পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন নিহত হয়েছেন। নিহত বিদেশি নাগরিকদের মধ্যে কে কোন দেশের, আজ দুপুর পর্যন্ত নিশ্চিত করেনি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে তাঁদের মধ্যে কয়েকজন ইতালীয় নাগরিক আছেন বলে জানা গেছে।
বাংলাদেশ তো বটেই, নৃশংস ও ঘৃণ্য এই সন্ত্রাসী হামলায় শোকার্ত সারা বিশ্ব। এই শোক ছুঁয়ে যাচ্ছে ইতালি ফুটবল দলকেও। বোর্দোতে জার্মানির সঙ্গে শেষ আটের লড়াইয়ে বুফন-কিয়েলিনিরা তাই কালো বাহুবন্ধনী পরে নামার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে তাঁদের বাহুবন্ধনী পরার অনুমতি দিয়েছে উয়েফা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।