ঢুস কাণ্ডে জিদানের ছেলেও!

কে বলবে জিদানের মতো হতে পারেননি তাঁর দ্বিতীয় ছেলে লুকা ফার্নান্দেজ? বংশানুক্রমিকভাবে বাবার কাছ থেকে কিছুই পাননি? গোলরক্ষক হয়েছেন বলে হয়তো বাবার মতো মিডফিল্ডে বল পায়ে সৃষ্টিশীলতায় মুগ্ধতা জাগাতে পারবেন না। কিন্তু পায়ের কাজ না হোক, মাথার ব্যবহারে যে বাবাকে ‘অনুসরণ’ করতে জানেন, সেটি ঠিকই দেখিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব-১৭ দলের গোলরক্ষক লুকা।
অবশ্য তাতে লুকার বাবা আদৌ খুশি হবেন না, সেটি বলে দেওয়াই যায়। ঘটনাটি যে জিদানের ক্যারিয়ারে ‘চাঁদের কলঙ্ক’ হয়ে থাকা স্মৃতিকে মনে করিয়ে দিয়েছে—জিদান সিনিয়রের মতোই প্রতিপক্ষকে ঢুস মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন লুকা!
স্প্যানিশ অনূর্ধ্ব-১৭ লিগের ডার্বি ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল লুকার দল। সিনিয়রদের লিগে এই দুই দলের ম্যাচ আগুন ঝরানো হচ্ছে গত দু-তিন বছর ধরে। এবার অনূর্ধ্ব-১৭ দলের ম্যাচেও সেই আগুনের উত্তাপ পাওয়া গেল। ম্যাচের উত্তেজনা তো ছিলই, এর সঙ্গে যোগ হয়েছিল লুকার ব্যক্তিগত হতাশা। চারবার জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে, ম্যাচটাও রিয়াল হেরে যাচ্ছিল ৪-২ গোলে। কতক্ষণ আর মেজাজ ধরে রাখা যায়!
দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছু একটা নিয়ে বাগ্বিতণ্ডা হচ্ছিল, এর মধ্যে নিজের গোলপোস্ট ছেড়ে বেরিয়ে গিয়ে সোজা প্রতিপক্ষ এক খেলোয়াড়কে ঢুস মেরে বসলেন লুকা। আর যায় কোথায়! সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে পত্রপাঠ বিদায়।
ঢুস মেরে বিদায়, খেলোয়াড়ের নামের সঙ্গে জড়িয়ে আছে জিদান নামটা। অবধারিতভাবেই সবার মনে পড়বে ২০০৬ বিশ্বকাপের ফাইনালটি। ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন জিদান। তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ, বিশ্বকাপ জিতিয়ে বিদায় নেওয়ার মঞ্চ তৈরি ছিল ফুটবলের সর্বকালের অন্যতম এই সেরার। জিদান বিদায় নিলেন কলঙ্কের দাগ কপালে নিয়ে!

সেদিন তো মাতেরাজ্জি জিদানের পরিবার নিয়ে উল্টো-পাল্টা মন্তব্য করে ঢুস খেয়েছিলেন। অ্যাটলেটিকোর অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়টি এ দিন কী দোষ করেছিল কে জানে! তবে একটা ব্যাপার এখন আনুষ্ঠানিকতা পেয়ে গেল, মাথার ব্যবহার দিয়ে যদি কোনো বিবাদের সমাধান করতে হয়, জিদান পরিবার তাতে এগিয়ে থাকবেই।
পুরো ঘটনায় লুকা নিজেও নিশ্চয়ই লজ্জিত। এমনিতে ‘বাবার যোগ্য ছেলে’ কথাটা বাকি তিন ভাইয়ের সঙ্গে যেভাবে ব্যবহার হয়, লুকা তা থেকে এক রকম বঞ্চিতই। বড় ভাই এনজো তো বটেই, বাকি দুই ছোট ভাই থিও আর এলিয়াজও হয়েছে বাবার মতো মিডফিল্ডার। লুকাই ব্যতিক্রম। বল নিয়ে পায়ের কারিকুরির চেয়ে গ্লাভস হাতে গোলপোস্টের নিচে দাঁড়ানোই তাঁর পছন্দের। জিদান পরিবারে গোলরক্ষক—বেমানান তো বটেই। এই ঘটনা দিয়ে লুকা হয়তো জানিয়ে দিতে চাইলেন, ‘আমিও বাবার মতো কিছু না কিছু করতে পারি!’ তথ্যসূত্র: ডেইলি মিরর, ডেইলি মেইল।