রোনালদো অন্য গ্রহের!

অন্য গ্রহের খেলোয়াড়! কথাটা শোনা শোনা মনে হচ্ছে? ঠিকই ধরেছেন। একটা সময় লিওনেল মেসি সম্পর্কে বেশির ভাগ সময় বলা হতো এই কথাটা। আর্সেন ওয়েঙ্গার তো একধাপ এগিয়ে বলেছিলেন, ফিফা গেমসে কল্পিত মেসিটাই যেন গেমস ফুঁড়ে বেরিয়ে এসে বাস্তবতার জমিনেও একই রকম খেলেন।
ব্যালন ডি’অর কিংবা চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার মতো এই উপাধিটাও যেন মেসির কাছ থেকে এবার নিজের করে নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি সম্পর্কে মুগ্ধ প্রতিপক্ষ একসময় যা বলত, এখন রোনালদো সম্পর্কে তা-ই বলা হচ্ছে। কদিন আগে রোনালদোর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থেকে অ্যাথলেটিক বিলবাওয়ের মিডফিল্ডার আন্দের ইতুরাস্পে বলেছেন, ‘রোনালদো অন্য মাত্রার, অন্য গ্রহের এক খেলোয়াড়।’
লিগে টানা চার ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক করেছেন রোনালদো। সর্বশেষ হ্যাটট্রিকটা বিলবাওয়ের বিপক্ষে। ৫-০ গোলে বিলবাওকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অবশ্য এর আগে দুদল সর্বশেষ যেবার মুখোমুখি হয়েছিল, গল্পটা ছিল অন্য রকম। ১-১ ড্র ম্যাচে রোনালদো লাল কার্ড দেখেছিলেন। সেটাও ইতুরাস্পের সঙ্গে বিবাদে জড়িয়ে।
কিন্তু গত মৌসুমের এই ঘটনা মনে রাখেননি ইতুরাস্পে। বরং রোনালদো সম্পর্কে শ্রদ্ধাই ঝরছে তাঁর কণ্ঠে, ‘গত মৌসুমে যা-ই হোক না কেন, রোনালদোর সঙ্গে আমার সম্পর্ক স্বাভাবিক আছে। প্রতিটি সেট পিসের সময় ওর মুখোমুখি হয়েছি। দুজনই দুজনকে যথেষ্ট সম্মান দেখিয়েছি। কোনো সমস্যা ছিল না।’