ঢুসে রক্তারক্তি কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢুস খেয়ে নাক ফাটল পিএসজি মিডফিল্ডার মোত্তার
ঢুস খেয়ে নাক ফাটল পিএসজি মিডফিল্ডার মোত্তার

জিনেদিন জিদানের সেই ‘ঢুস’ ইতিহাসের পাতায় বিখ্যাত হয়ে আছে। তবে ফুটবলে ঢুস-কাণ্ড কিন্তু ঘটছে প্রায়ই। পরশুই যেমন আরেকটি ঢুস-কাণ্ড জিদানেরই দেশ ফ্রান্সে। পরশু ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচের ঘটনাটি ঘটেছে মাঠ থেকে ড্রেসিংরুমে যাওয়ার পথে টানেলে। ঘটনাটি ধরা পড়েছে টানেলে বসানো ক্যামেরায়।
নিজেদের মাঠে পিএসজি (প্যারিস সেন্ট-জার্মেই) মুখোমুখি হয়েছিল বাস্তিয়ার। মাঠের কোনো ঘটনায় ক্ষোভ ছিল কি না কে জানে! ম্যাচ শেষে বাস্তিয়ার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ব্রান্ডাও অপেক্ষা করছিলেন টানেলে। পিএসজির ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ইতালিয়ান ডিফেন্ডার থিয়াগো মোত্তা পাশ দিয়ে যেতেই তাঁকে সজোরে ঢুস মারেন ব্রান্ডাও। মোত্তার নাক ভেঙে গেছে। একেবারে রক্তারক্তি কাণ্ড। ক্যামেরার এই দৃশ্যই তোলপাড় তুলেছে ফ্রান্সের সংবাদমাধ্যমে।
ক্ষিপ্ত পিএসজি ব্রান্ডাওকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। ‘ব্রান্ডাওকে আজীবন নিষিদ্ধ করা উচিত, সে ফুটবলার নয়’—বলেছেন পিএসজির কাতারি মালিক নাসের আল-খেলাইফি। চোটের কারণে খেলতে না পারা অধিনায়ক থিয়াগো সিলভাও সতীর্থের পাশে দাঁড়িয়ে শাস্তি দাবি করেছেন স্বদেশি ব্রান্ডাওয়ের, ‘আমি দেখতে চাই, এই খেলোয়াড়টি কয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়—সব সময়ই সে খেলার চেয়ে কথা বলতে ভালোবাসে।’ গত বছর রেফারিকে ধাক্কা মেরে সিলভা নিজেই অবশ্য তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। ব্রাজিলিয়ান ডিফেন্ডার সে ঘটনার উদাহরণ টেনে বলেছেন, ‘দুই বছর আগে আমি যদি রেফারির গায়ে হাত দিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারি—এ হামলার ঘটনাটা একবার কল্পনা করুন? চতুর্থ রেফারি সবকিছুই দেখেছেন। যখন ওই খেলোয়াড় আমাদের খেলোয়াড়কে আক্রমণ করে, আমি তাঁর পাশেই ছিলাম।’ আবার ম্যাচের মধ্যেই ব্রান্ডাওয়ের ট্যাকলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে পিএসজির ডাচ ডিফেন্ডার ফন ডার উইলকে। পিএসজি কোচ লরাঁ ব্লাঁ ডার উইলের চোটের জন্য কাঠগড়ায় তুলছেন ব্রান্ডাওকেই।
ঢুস-কাণ্ডে ম্যাচের আর সব ঘটনা চলে গেছে পেছনের পাতায়। নতুবা চোট পেয়ে ১৫ মিনিটেই ইব্রাহিমোভিচের মাঠ ছেড়ে যাওয়া, পিএসজির জয়ে ফেরা—এসবই তো আসে আগে। ড্র দিয়ে মৌসুম শুরু করা পিএসজি লুকাস ও এডিনসন কাভানির গোলে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়েছে বাস্তিয়াকে (২-০)। এএফপি, বিবিসি।