ঢেলে সাজানো হবে জাতীয় দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবনে কাল সারা দিনই চায়ের কাপে ঝড়। এই কক্ষ থেকে সেই কক্ষ, গণমাধ্যমকর্মী থেকে ফুটবল কর্তা—সবাই সাফ-ব্যর্থতার ময়নাতদন্তে ব্যস্ত। বাংলাদেশ দলের কেন এই বিপর্যয়? ওয়ালী ফয়সাল কেন হাত দিয়ে বল আটকাতে গেলেন? মালদ্বীপের হাসান নাইজের ব্যাকফ্লিকে কেমন বোকা বনে গেলেন গোলরক্ষক সোহেল! কান পাতলেই শোনা যাচ্ছিল এমন টুকরো টুকরো মন্তব্য।
সাফের গ্রুপ পর্ব থেকে বাংলাদেশের বিদায়টা যেন নিয়তিই হয়ে দাঁড়িয়েছে। কাল বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় সবচেয়ে আলোচিত ছিল সাফে এই অপ্রত্যাশিত ব্যর্থতা। জাতীয় দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সিলেটের একাডেমিকে আরও শক্তিশালী করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী সাত দিনের মধ্যে একটি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে এ ব্যাপারে চুক্তিবদ্ধ হবে বাফুফে।
প্রায় পৌনে চার ঘণ্টা লম্বা সভার নানা আলোচ্যের মাঝে ঘুরেফিরে এসেছে দলের পারফরম্যান্সের কাটাছেঁড়া। জাতীয় দলটা ঢেলে সাজানোরই পরিকল্পনা করেছে বাফুফে। দলে আসবে অনেক পরিবর্তন। শুধু দলই নয়, সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটি, ম্যানেজার, দলনেতা সবাইকে বাদ দেওয়া হবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের মুখ থেকেই কথাগুলো শুনতে চেয়েছিলেন সবাই। কিন্তু সভা শেষ হওয়ামাত্রই গণমাধ্যম এড়িয়ে ভবন ছাড়েন সালাউদ্দিন। পরে সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর মুখ থেকে পাওয়া গেছে পরিবর্তনের আভাস, ‘সাফে এটা আমাদের প্রত্যাশিত রেজাল্ট নয়। ছেলেদের খেলায় সত্যি কষ্ট পেয়েছি। সাফের এই ব্যর্থতা আমাদের নতুনভাবে চিন্তা করতে বাধ্য করেছে।’ যদিও কী সেই চিন্তাভাবনা তা স্পষ্ট করে বলেননি। শুধু এটুকু বললেন, ‘সামনেই জাতীয় দলের আরেকটি টুর্নামেন্ট (বঙ্গবন্ধু কাপ) আছে, তাই বেশি কিছু বলছি না। তবে দলটা ঢেলে সাজাব আমরা। টিমে এবং ম্যানেজমেন্টেও এই বদলটা হবে।’
ব্যর্থতার কারণ অনুসন্ধানে গঠিত তিন সদস্যের কমিটিতে আছেন ইলিয়াস হোসেন, আজমল আহমেদ এবং শেখ মোহাম্মদ আসলাম। দল ঢাকায় ফেরার তিন দিনের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। এই প্রতিবেদনের ভিত্তিতেই দলে পরিবর্তন আসবে। জাতীয় দলের পারফরম্যান্সে এতটাই হতাশ কর্মকর্তারা যে আরও বেশি কঠিন সিদ্ধান্ত নাকি নিতে চেয়েছিলেন! কিন্তু ৮-১৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট বিবেচনায় এনে নমনীয় হয়েছে বাফুফে। সালাম মুর্শেদী বললেন, ‘যেহেতু সামনে বঙ্গবন্ধু কাপ তাই খুব বেশি কিছু বলছি না। দলের প্রস্তুতির জন্য আমাদের পক্ষ থেকে কোনো গাফিলতি ছিল না। তবে যেহেতু আরেকটি টুর্নামেন্ট রয়েছে আমাদের, তাই এ মুহূর্তে এমন কিছু করতে চাই না যার প্রভাব দলের ওপর পড়ে। দল ক্ষতিগ্রস্ত হয়।’
সাফে এখনো এক ম্যাচ বাকি বাংলাদেশের। অথচ আগে থেকেই মামুনুল ইসলাম অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে বসে আছেন। কোচ মারুফুল হকও দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। এসব নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি সালাম মুর্শেদী।
কালকের সভায় বাফুফের গত তিন বছরের আর্থিক নিরীক্ষা প্রতিবেদন কিছু সংশোধনীর মাধ্যমে কাল অনুমোদিত হয়েছে। আগামীকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে হবে বঙ্গবন্ধু গোল্ডকাপের আয়োজক কমিটির সভা এবং টুর্নামেন্টের ড্র। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাহরাইন, কম্বোডিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দল।