তকলিচ আছেন, রনি নেই!
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য কাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। আগামীকাল শুরু হবে তিন দিনের ছোট্ট আবাসিক ক্যাম্প। ২৬ আগস্ট রাতে মালয়েশিয়া যাবে বাংলাদেশ দল। সেখানে ২৯ আগস্ট একমাত্র প্রীতি ম্যাচ খেলেই ধরবে অস্ট্রেলিয়ার উড়ান। পার্থে ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ।
১৬ জুন তাজিকিস্তানের সঙ্গে খেলা বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচের ২৩ সদস্যের দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, মিডফিল্ডার শাহেদুল আলম, ডিফেন্ডার কেস্ট কুমার, ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব, তৌহিদুল আলম সবুজ, ওয়াহেদ আহমেদ। দলে এসেছেন গোলরক্ষক শহীদুল আলম, ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী, আতিকুর রহমান মিশু, মিডফিল্ডার ইমন মাহমুদ, ফরোয়ার্ড তকলিচ আহমেদ ও জাহিদ হোসেন।
পুরো মৌসুমে বেশির ভাগ সময় বেঞ্চে কাটানো তকলিচকে অস্ট্রেলিয়াগামী দলে সুযোগ দেওয়ায় প্রশ্ন উঠেছে দল নির্বাচন নিয়ে। কেননা বাদ পড়া শেখ জামাল ধানমন্ডির আরেক ফরোয়ার্ড সাখাওয়াত রনির পারফরম্যান্স তাঁর চেয়ে বেশ ভালো। ১৩ আগস্ট বিশকেকে এএফসি কাপের প্রাক-বাছাইয়ের প্রথম ম্যাচে দারুণ খেলেছেন রনি। সিএএসএ বেনফিকার বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা ম্যাচে গোলও করেছেন দুটি। অথচ তাঁকে বাদ দিয়ে বেছে নেওয়া হয়েছে তকলিচকে। এ প্রসঙ্গে কোচ লোডভিক ডি ক্রুইফের ব্যাখ্যা, ‘সে তরুণ এবং সম্ভাবনাময় একজন খেলোয়াড়। এ জন্যই তাকে বেছে নিয়েছি।’ এ ছাড়া গোটা লিগে ভালো খেলেও ডিফেন্ডার ওয়ালি ফয়সাল ডাক পাননি।
অস্ট্রেলিয়া ম্যাচের বাংলাদেশ দল
গোলরক্ষক: শহীদুল আলম, রাসেল মাহমুদ, আশরাফুল ইসলাম রানা। ডিফেন্ডার: রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, মোহাম্মদ লিঙ্কন, তপু বর্মণ, আতিকুর রহমান মিশু, নাসিরুল ইসলাম।
মিডফিল্ডার: মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোনায়েম রাজু, ইমন মাহমুদ। ফরোয়ার্ড: তকলিচ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, জুয়েল রানা, আবদুল বাতেন কোমল, এনামুল হক।