তদন্ত হচ্ছে রোনালদোর বিরুদ্ধে
কর ফাঁকির গুরুতর অভিযোগ পেয়ে কি বসে থাকতে পারে স্প্যানিশ কর বিভাগ? রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে তদন্তে নেমেছে তারা। একই অভিযোগ উঠেছে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেজ ও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর বিরুদ্ধেও।
বোমাটা প্রথম ফাটিয়েছে জার্মান সাপ্তাহিক ডার স্পাইজেল। পত্রিকাটির ফাঁস করা কিছু নথি দেখে ইউরোপের আরও এক ডজন পত্রিকা অভিযোগ তোলে, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো একটি আইরিশ কোম্পানিকে ব্যবহার করে অঢেল সম্পত্তি বানিয়েছেন ‘ট্যাক্স হ্যাভেন’ বলে পরিচিত দেশগুলোয়। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ মরিনহোও একই কাজ করেছেন। রোনালদোর ক্ষেত্রে অভিযোগ, তিনি প্রায় ১৫ কোটি ইউরো কর ফাঁকি দিয়েছেন।
রোনালদো ও মরিনহো—দুজনই তীব্র ভাষায় তাঁদের বিরুদ্ধে আনা কর ফাঁকির অভিযোগের প্রতিবাদ করেছেন। তবে কাল স্প্যানিশ কর বিভাগের সচিব হোসে এনরিকে ফার্নান্দেজ দে ময়া দেশটির একটি রেডিওকে বলেছেন, ‘সংবাদমাধ্যমে আমরা যেসব তথ্য জেনেছি, সেগুলো আমাদের হাতে এসেছে। আমাদের কর বিভাগ একটা বিশেষ পেশাদার সংস্থা। আমরা অবশ্যই তদন্ত করে দেখব এগুলো কতটা সঠিক।’ এএফপি।