তপুর গোলে সেমিতে বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মিনিটের মহামূল্যবান গোলের পর সতীর্থদের সঙ্গে বিজেএমসি ফরোয়ার্ড তপুর (মাঝে) উদ্‌যাপন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
শেষ মিনিটের মহামূল্যবান গোলের পর সতীর্থদের সঙ্গে বিজেএমসি ফরোয়ার্ড তপুর (মাঝে) উদ্‌যাপন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

দেড় যুগের বন্ধুত্ব দুজনের। আবদুল্লাহ পারভেজ ও মেহেদী হাসান তপুর মেলবন্ধন পুরোনো ধানমন্ডি ক্লাব (বর্তমান শেখ জামাল ধানমন্ডি) থেকে। মাঝে অন্যান্য ক্লাব ঘুরে এসে দুজনেই গত তিন মৌসুম খেলছেন বিজেএমসিতে। মাঠের বাইরে তো বটেই, মাঠেও দুজনের বোঝাপড়ার রসায়নটা দুর্দান্ত। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল মেহেদী হাসান তপুর একমাত্র গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে বিজেএমসি; কিন্তু দলকে ফেডারেশন কাপের সেমিফাইনালে তোলার পেছনে বড় অবদান এই দুজনেরই। এই টুর্নামেন্টে বিদেশিদের ভিড়ে বিজেএমসির হয়ে ৩টি গোল করেছেন তপু, গ্রুপ পর্বে জোড়া গোল করেছিলেন মোহামেডানের বিপক্ষে।
ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত যখন দুই দল গোলের জন্য মাথা কুটছিল, তখনই জ্বলে ওঠেন আবদুল্লাহ পারভেজ ও তপু। কর্নার থেকে আবদুল্লাহ পারভেজের উড়ে আসা বলে মাথা ছুঁয়েই ভোঁ-দৌড় দিলেন বিজেএমসির ফরোয়ার্ড তপু। মুক্তিযোদ্ধার গোলরক্ষক মামুন খান শুধু চেয়ে চেয়েই দেখলেন। তখন ম্যাচে ফেরার আর আশা নেই মুক্তিযোদ্ধার। বিজেএমসি প্রথম সেমিফাইনালে আরামবাগের মুখোমুখি হবে ২৩ জুন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল।
এবারের ফেডারেশন কাপটা যেন ছোট দলগুলোর জন্য বাড়তি একটা অনুপ্রেরণা। মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি, চট্টগ্রাম আবাহনীর মতো শক্তিশালী দলগুলোকে ছিটকে দিয়ে শেষ চারে উঠে গেছে কম বাজেটের দল বিজেএমসি ও আরামবাগ। মুক্তিযোদ্ধাকে হারানোর পর তাই ডাগ-আউটেই যেন ট্রফি জয়ের উদ্যাপন সেরে নিল বিজেএমসির খেলোয়াড়-কর্মকর্তারা। একে অপরকে কোলে তুলে নিয়ে, পানি ছিটিয়ে নাচতে শুরু করে দিলেন বিজেএমসির কোচ, খেলোয়াড় ও কর্মকর্তারা।
দুটি হলুদ কার্ডে কাটা পড়া এলিটা কিংসলেকে কাল পায়নি বিজেএমসি। তারপরও ম্যাচটি বেশির ভাগ সময়ই নিয়ন্ত্রণে ছিল বিজেএমসির। কিন্তু গোল বের করতে পারছিল না তারা। স্যামসান ইলিয়াসু ও সৈকত মাহমুদরা বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেন। এরপর শেষ মুহূর্তে মহামূল্যবান গোলটি এনে দেন তপু। অথচ ৪২ মিনিটেই এগিয়ে যেতে পারত বিজেএমসি। শংকর দাসের দূরপাল্লার শট গোলরক্ষক মামুন খান ফিস্ট করে ফেরান। মুক্তিযোদ্ধাও অবশ্য গোলের সহজ সুযোগ পেয়েছে ৫৬ মিনিটে। কিন্তু নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলোর ক্রস থেকে পাওয়া বলে পা ছোঁয়াতেই পারেননি সাইমন এজেয়োদিকা। ৮২ মিনিটে বিজেএমসির সৈকত মাহমুদের ক্রস থেকে স্যামসান ইলিয়াসু বেশ জোরালো শটই নিয়েছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধা গোলরক্ষক দ্বিতীয় চেষ্টায় বলটি ক্লিয়ার করেন। এরপর ম্যাচের শেষ মিনিটে তপুর ওই গোল।
জয়টা এসেছে শেষ মিনিটে। জয়ের ব্যাপারে তপু তবু ছিলেন আত্মবিশ্বাসী, ‘জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম। কারণ আবদুল্লাহ পারভেজ আর আমি অনেক দিন একসঙ্গে খেলছি। ও যখন ম্যাচের শেষ সময়ে বদলি হিসেবে নামল তখনই বুঝেছিলাম এবার আমরা গোল পেতে চলেছি। ও জানে কোথায় বল দিলে তা থেকে সহজে গোল করতে পারব আমি।’ আরামবাগকে হারিয়ে ফাইনালে ওঠাই এখন একমাত্র লক্ষ্য তপুর, ‘এবার আমরা ফাইনালের স্বপ্ন দেখছি। অনুশীলনে আমরা সবাই কঠোর পরিশ্রম করছি।’
সেমিফাইনাল লাইনআপ
২৩ জুন আরামবাগ-বিজেএমসি
২৪ জুন আবাহনী-শেখ রাসেল
দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে